images

ধর্ম

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ১২:০২ এএম

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করা হয়।

মঙ্গলবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ছায়ায় বিশ্রাম নেয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হয়েছে হজযাত্রীদের।

হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধও করা হয়েছে হজযাত্রীদের। একইসঙ্গে স্বাচ্ছন্দ্যময় ইবাদত- বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এ বছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সাথে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট এবং তা শেয়ার করা হচ্ছে হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে।

আরটিভি/টিআর