images

ধর্ম

ঈদযাত্রা বা সফরে রাসুল (সা.)-এর শেখানো আমল

রোববার, ২৪ মে ২০২৬ , ১০:৫৬ এএম

ঈদুল ফিতর বা ঈদুল আজহা সামনে এলে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ প্রিয়জনদের কাছে ফিরতে রওনা হন। বাস, ট্রেন, লঞ্চ বা মোটরসাইকেলে দীর্ঘ এই সফরে আনন্দের পাশাপাশি থাকে ক্লান্তি ও দুর্ঘটনার আশঙ্কাও। তাই ইসলাম সফরের শুরু থেকেই আল্লাহর ওপর ভরসা করে দোয়া পাঠ করার নির্দেশ দিয়েছে।

হাদিসে এসেছে, সফর শুরু ও চলাকালে রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন দোয়া পাঠ করতেন, যা নিরাপদ যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসেবে গণ্য।

সফরের শুরুতে যে দোয়া পড়বেন

আবদুল্লাহ ইবনে সারজিস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সফরে রওনা হওয়ার সময় এই দোয়া পড়তেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَةِ الْمَظْلُومِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ওয়াছায়িস সাফারি ওয়া কাবাতিল মুনকালাবি ওয়াল হাওরি বা’দাল কাওরি ওয়া দা’ওয়াতিল মাজলুমি ওয়া সুয়িল মানজারি ফিল আহলি ওয়াল মাল।

অর্থ: হে আল্লাহ! আমি সফরের কষ্ট, ক্ষতি, ফিরে এসে বিপর্যয়, অত্যাচারিতের বদদোয়া এবং পরিবার ও সম্পদের ক্ষতি থেকে আপনার আশ্রয় চাই। (ইবনে মাজাহ, হাদিস: ৩৮৮৮)

সফর সহজ হওয়ার দোয়া

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এক ব্যক্তির জন্য এই দোয়া করেছিলেন—

اَللّٰهُمَّ اطْوِ لَهُ الْبُعْدَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ

উচ্চারণ: আল্লাহুম্মাত্ববি লাহুল বু’দা ওয়া হাওয়্যিন আলাইহিস সাফার।

অর্থ: হে আল্লাহ! তার দূরত্ব কমিয়ে দিন এবং তার সফর সহজ করে দিন। (তিরমিজি, হাদিস: ৩৪৪৫)

সফরের বিশেষ দোয়া

সফরের সময় রাসুলুল্লাহ (সা.) যে দোয়া বেশি পড়তেন—

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ...

অর্থ: ওই সত্তার পবিত্রতা যিনি আমাদের জন্য বাহনকে বশীভূত করেছেন। আমরা তার ক্ষমতা ছাড়া তা নিয়ন্ত্রণ করতে পারতাম না। আমরা অবশ্যই আমাদের রবের দিকে ফিরে যাব। (সহিহ মুসলিম, হাদিস: ১৩৪২)

রাসুল (সা.) আরও দোয়া করতেন—

হে আল্লাহ! এই সফরে আমাদের কল্যাণ, তাকওয়া ও আপনার সন্তুষ্টি দান করুন, সফর সহজ করুন, পরিবার ও সম্পদকে নিরাপদ রাখুন।

সফর থেকে ফিরে যে দোয়া পড়া হয়

ফিরে আসার সময় তিনি বলতেন—

আমরা ফিরে আসছি, তাওবা করছি, আমাদের রবের ইবাদত ও প্রশংসা করছি।

ইসলামি শিক্ষা অনুযায়ী, সফরের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া ও জিকির একজন মুমিনের জন্য নিরাপত্তা ও বরকতের বড় মাধ্যম।


আরটিভি/জেএমএ