images

ধর্ম

আরটিভির কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাহমুদুল এবার যাচ্ছেন সৌদি আরব

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৯:৫৯ পিএম

আরটিভির বহুল জনপ্রিয় কোরআন ভিত্তিক রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন-২০১৯’-এর চ্যাম্পিয়ন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী, এবার সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এ অর্জন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ও আনন্দের সংবাদ। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মেধাবী হাফেজে কোরআনের অংশগ্রহণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় বাছাই প্রক্রিয়ায় অসাধারণ দক্ষতা, নির্ভুল তিলাওয়াত ও অনন্য মেধার স্বাক্ষর রেখে তিনি এই মর্যাদাপূর্ণ সুযোগ অর্জন করেন।

seikh2
হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী : ছবি আরটিভি

 

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের একক প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করা যেমন জাতির জন্য গর্বের বিষয়, তেমনি ‘জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন’-এর জন্যও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ২০১৯ সালে দেশের সেরা হাফেজদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীর এই অর্জন দেশের কোরআনপ্রেমী মানুষের জন্য অত্যন্ত আনন্দের এবং তরুণ প্রজন্মের হাফেজদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তার এই সাফল্য প্রমাণ করে যে নিষ্ঠা, অধ্যবসায় ও কোরআনের প্রতি ভালোবাসা একজন মানুষকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে পারে।

এ প্রসঙ্গে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান দেশবাসীর কাছে তার জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন। 

তিনি বলেন, আল্লাহ তাআলা যেন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ সফলতা দান করেন, তার কোরআনের খেদমত কবুল করেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে আরও সম্মানিত করেন।

সমগ্র দেশবাসীর প্রত্যাশা, হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও সমুন্নত করবেন এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবেন।  তার সফলতা ও বিজয়ের জন্য দেশবাসী দোয়ায় শামিল হবেন এটাই আরটিভি ও আমাদের সকলের আন্তরিক প্রত্যাশা।

আরটিভি/এমএম