মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১০:০৭ এএম
মানুষ ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে। কখনও সেই স্বপ্ন আনন্দের অনুভূতি দেয়, আবার কখনও তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই স্বপ্নে নিজের বা অন্য কারও বিয়ে দেখতে পান। এরপর জানতে চান—স্বপ্নে বিয়ে দেখার অর্থ কী?
ইসলামি দৃষ্টিতে স্বপ্নের গুরুত্ব রয়েছে। তবে সব স্বপ্নের ব্যাখ্যা এক নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সত্য স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত তা কারও কাছে প্রকাশ করা না হয়, ততক্ষণ তা ঝুলন্ত অবস্থায় থাকে। আর যখন তা কাউকে বলা হয় এবং সে এর ব্যাখ্যা করে, তখন সেই ব্যাখ্যা অনুযায়ী তা বাস্তবায়িত হতে পারে। তাই জ্ঞানী, বুদ্ধিমান বা কল্যাণকামী ব্যক্তি ছাড়া অন্য কারও কাছে স্বপ্নের কথা বলা উচিত নয়।”
(সুনানে তিরমিজি)
কোরআনে স্বপ্নের উল্লেখ
পবিত্র কোরআনেও স্বপ্ন ও এর ব্যাখ্যার কথা এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় মিশরের বাদশাহর স্বপ্নের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন—
وَ قَالَ الۡمَلِكُ اِنِّیۡۤ اَرٰی سَبۡعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٌ وَّ سَبۡعَ سُنۡۢبُلٰتٍ خُضۡرٍ وَّ اُخَرَ یٰبِسٰتٍ
উচ্চারণ: ওয়া কালাল মালিকু ইন্নি আরা সাবআ বাকরাতিন সিমানিন ইয়্যাকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুনবুলাতিন খুদরিন ওয়া উখারা ইয়াবিসাত।
অর্থ: “বাদশাহ বলল, আমি দেখেছি সাতটি মোটা গাভি, যেগুলোকে সাতটি দুর্বল গাভি খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শিষ ও অন্য সাতটি শুকনো। হে সভাসদগণ! যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পার, তবে আমার এ স্বপ্নের ব্যাখ্যা দাও।”
(সুরা ইউসুফ, আয়াত: ৪৩)
এছাড়া বদর যুদ্ধের আগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহ বলেন—
اِذۡ یُرِیۡكَهُمُ اللّٰهُ فِیۡ مَنَامِكَ قَلِیۡلًا
উচ্চারণ: ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালীলা।
অর্থ: “স্মরণ করুন, যখন আল্লাহ আপনাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন।”
(সুরা আনফাল, আয়াত: ৪৩)
স্বপ্নে নিজের বিয়ে দেখার ব্যাখ্যা
ইসলামি ব্যাখ্যা অনুযায়ী, কেউ স্বপ্নে নিজের বিয়ে দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে। অবিবাহিত ব্যক্তি যদি বিয়ের স্বপ্ন দেখে, তাহলে অনেক সময় তা তার নিজের চিন্তা-ভাবনা বা বিয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে। আবার কোনো কোনো ব্যাখ্যায় এটি জীবনে নতুন পরিবর্তন বা কল্যাণের ইঙ্গিত হিসেবেও ধরা হয়।
বিবাহিত পুরুষের ক্ষেত্রে
কোনো বিবাহিত পুরুষ যদি স্বপ্নে আবার বিয়ে করতে দেখেন, তাহলে এর ব্যাখ্যা হিসেবে বলা হয়—তার জীবন, কাজ, ব্যবসা বা পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে পারে। পরিবার বা আত্মীয়দের দিক থেকেও কোনো কল্যাণ পাওয়ার ইঙ্গিত হতে পারে।
বিবাহিত নারী স্বপ্নে বিয়ে দেখলে
কোনো বিবাহিত নারী যদি নিজের বিয়ের স্বপ্ন দেখেন, কিছু ব্যাখ্যাকারীর মতে এটি সতর্কতার ইঙ্গিত হতে পারে। এ ক্ষেত্রে বেশি বেশি দোয়া করা এবং সামর্থ্য অনুযায়ী সদকা করা উত্তম।
স্বপ্ন সম্পর্কে ইসলামের শিক্ষা
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
“তিন শ্রেণির মানুষের ওপর থেকে হিসাবের কলম উঠিয়ে রাখা হয়েছে—ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগে; শিশু, যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়; এবং পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হয়।”
(সুনানে আবু দাউদ, হাদিস: ৪৪০৫)
ইসলামে স্বপ্নকে গুরুত্ব দেওয়া হলেও শুধু স্বপ্নের ওপর ভিত্তি করে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ভালো স্বপ্ন হলে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং খারাপ স্বপ্ন হলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উত্তম।
আরটিভি/জেএমএ