শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ১০:৫৩ এএম
জুমার দিন সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এ দিনকে মুসলমানদের ঈদের দিন বলা হয়। কোরআন ও হাদিসে জুমার দিনের বিশেষ মর্যাদা এবং এ দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও জুমার দিনে কিছু বিশেষ সুন্নত নিয়মিত পালন করতেন এবং উম্মতকে সেগুলো অনুসরণের নির্দেশ দিয়েছেন।
জুমার দিনের গুরুত্বপূর্ণ ২০টি সুন্নত আমল হলো—
১. ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। (সিলসিলাতুস সহিহা)
২. সুন্নত অনুযায়ী গোসল করা এবং শরীরে তেল ব্যবহার করা। (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)
৩. গোসলের সময় মিসওয়াক করা। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৪৫)
৪. গোসলের আগে নখ কাটা এবং অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করা। (ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৮৯)
৫. পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করা। (সহিহ বুখারি)
৬. আতর বা সুগন্ধি ব্যবহার করা। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৪৫)
৭. সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়া। (সহিহ বুখারি, হাদিস: ৯২৯)
৮. সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৬৮)
৯. ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। (সুনানে তিরমিজি, হাদিস: ৪৬৫)
১০. মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা। (সহিহ বুখারি, হাদিস: ১১৬৭)
১১. জুমার ফরজের আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করা। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১১২৯)
১২. ফরজের পরে চার রাকাত সুন্নত নামাজ আদায় করা। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৪৫৭)
১৩. সুরা কাহাফ তিলাওয়াত করা। (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ২১৭৫)
১৪. মনোযোগ দিয়ে খুতবা শোনা। (সুনানে তিরমিজি, হাদিস: ৪৬৫)
১৫. খুতবার সময় কথা না বলা এবং অপ্রয়োজনীয় কোনো কাজ না করা। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১১৭)
১৬. জুমার নামাজে সুরা আল-আ'লা ও সুরা আল-গাশিয়াহ তিলাওয়াত করা সুন্নত। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১১১৮)
১৭. মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়ার চেষ্টা না করা। (সুনানে আবু দাউদ, হাদিস: ১১১৮)
১৮. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা। (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)
১৯. মসজিদে ঘুম এলে স্থান পরিবর্তন করে বসা। (সুনানে আবু দাউদ, হাদিস: ১১১৯)
২০. আসরের পর বেশি বেশি দোয়া করা। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৮)
আরটিভি/জেএমএ