মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১০:৪৯ এএম
ফুটবলকে ঘিরে বাড়তে থাকা উন্মাদনা, মারামারি ও আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক অনলাইন প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি বলেন, একটি খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক এবং একজন মুমিনের জন্য এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, প্রতিবছরই খেলাকে কেন্দ্র করে দেশে প্রাণহানির ঘটনা ঘটে। কোথাকার কোন দেশের দল জিতল বা হারল, সেটিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ, এমনকি হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। যারা এই লাগামহীন উন্মাদনা তৈরি করছে এবং উসকে দিচ্ছে, তাদেরও এ দায় এড়ানোর সুযোগ নেই।
শায়খ আহমাদুল্লাহ কুষ্টিয়ায় এক ব্যক্তির আত্মহত্যার প্রসঙ্গ টেনে বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রিয় দল হেরে যাওয়ার পর প্রতিপক্ষের কটূক্তি ও বিদ্রূপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। অথচ তার স্ত্রী ও ছোট ছোট সন্তান রয়েছে। এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, খেলাধুলা ও বিনোদন ইসলামে নিষিদ্ধ নয়। তবে তা অবশ্যই শরিয়তের সীমার মধ্যে হতে হবে। সীমা অতিক্রম করলে তা অকল্যাণ ডেকে আনে। মহান আল্লাহ বলেন,
﴿وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ﴾
অর্থ: "তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।"
(সুরা আল-আনআম, আয়াত: ১৪১)
তিনি আরও বলেন, যেসব দেশের খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা, তাদের অনেকেই মুসলিমদের স্বার্থবিরোধী অবস্থান নেয়। অথচ মুসলমানদের কেউ কেউ সেই দলগুলোর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন মুমিনের শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম করা, পরিমিত খাবার ও ঘুমের অভ্যাস গড়ে তোলা এবং শরীরের জন্য উপকারী খাদ্য গ্রহণ করা ইসলামের শিক্ষা।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
«الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ»
অর্থ: "শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক উত্তম ও প্রিয়।"
(সহিহ মুসলিম, হাদিস: ২৬৬৪)
তিনি আরও বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন।
﴿يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا﴾
অর্থ: "হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে, তা থেকে আহার করো।"
(সুরা আল-বাকারা, আয়াত: ১৬৮)
শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন মুসলমানের উচিত এমন জীবনধারা অনুসরণ করা, যা তার দুনিয়া ও আখিরাত—উভয়ের জন্য কল্যাণকর। খেলাধুলা শরীরচর্চা ও সুস্থতার জন্য হতে পারে, কিন্তু এমন উন্মাদনা কখনোই গ্রহণযোগ্য নয়, যার কারণে মানুষের জীবন চলে যায়।
শেষে তিনি বলেন, যে পরিবারগুলো স্বজন হারিয়েছে, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই খেলার নামে অন্ধ উন্মাদনা পরিহার করে সংযমী হওয়া এবং অহেতুক কাজে সময় নষ্ট না করাই একজন মুসলমানের দায়িত্ব।
আরটিভি/জেএমএ