বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০১:৩৩ পিএম
২০২৭ সালের (১৪৪৮ হিজরি) রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে আগামী ২০২৭ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে। ফলে পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকেই শুরু হবে সিয়াম সাধনা।
একইসঙ্গে সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণও জানিয়েছে সংবাদমাধ্যমটি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসাবে ৮ মার্চ (সোমবার) শেষ রোজা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ মার্চ (মঙ্গলবার) উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
তবে, হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসই মূলত খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বিজ্ঞানের অগ্রগতির কারণে জ্যোতির্বিজ্ঞানীরা আগাম গাণিতিক ধারণা দিলেও রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নেওয়া হবে।
সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়ে থাকে।
আরটিভি/এসএইচএম