images

ধর্ম

মৃত স্বামীকে কি স্ত্রী গোসল করাতে পারবেন, ইসলামের বিধান কী

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৮:৫২ পিএম

মৃত্যু মানুষের জীবনের অবধারিত সত্য। পৃথিবীর প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

মৃত্যুর পর মুসলিম মৃতদেহের গোসল, কাফন ও দাফন ইসলামি শরিয়তের গুরুত্বপূর্ণ বিধান। এ নিয়ে অনেকের মনে একটি সাধারণ প্রশ্ন থাকে স্বামী মারা গেলে স্ত্রী কি তাকে গোসল করাতে পারবেন?

ইসলামি শরিয়া অনুযায়ী, স্বামী মারা গেলে স্ত্রী তার মৃত স্বামীকে গোসল করাতে পারবেন। এ বিষয়ে সাহাবায়ে কেরামের আমলও রয়েছে।

হজরত আবদুল্লাহ ইবনে আবু বকর (রহ.) বর্ণনা করেন, হজরত আবু বকর সিদ্দীক (রা.)-এর ইন্তেকালের পর তার স্ত্রী হজরত আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল করিয়েছিলেন। (মুআত্তা ইমাম মুহাম্মাদ, হাদিস: ৩০৩)

এছাড়া প্রখ্যাত তাবেয়ি ও ফকিহ সুফিয়ান সাওরি (রহ.) বলেন, স্ত্রী স্বামীর মৃত্যুর পর তাকে গোসল দিতে পারবেন, কারণ তিনি তখনও স্বামীর ইদ্দতের মধ্যে অবস্থান করেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৬১১৯)

হানাফি মাজহাবের ফিকহ অনুযায়ী, স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাবেন না। এ মত ইমাম শাবি (রহ.) ও সুফিয়ান সাওরি (রহ.) থেকে বর্ণিত হয়েছে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১১০৯২; আলবাহরুর রায়েক, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৭৪; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৬০)

তবে উল্লেখ্য, অন্যান্য কিছু ফিকহি মাজহাবে এ বিষয়ে ভিন্ন মতামত রয়েছে এবং তারা নির্দিষ্ট দলিলের ভিত্তিতে স্বামীর জন্য স্ত্রীকে গোসল করানোও বৈধ বলে থাকেন।

হানাফি ফিকহ অনুযায়ী, স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারবেন। তবে স্ত্রী মারা গেলে স্বামীর গোসল করানোকে বৈধ বলা হয় না। এ বিষয়ে বিভিন্ন মাজহাবে মতপার্থক্য থাকলেও মুসলমানদের উচিত নিজ নিজ অনুসৃত মাজহাব ও নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী আমল করা।

আরটিভি/এসকে