শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০২:৫০ পিএম
রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে মন্তব্য করেছেন যে, বাংলাদেশ একটি ঘটনাবহুল দিন পার করেছে।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের সভা শেষে এক অস্বাভাবিক উপায়ে প্রধান উপদেষ্টা দুপুর আড়াইটার সময় জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই ভাষণে তিনি নিশ্চিত করেন যে, উপদেষ্টা পরিষদে জুলাই সনদ অনুমোদিত হয়েছে এবং জুলাই চার্টার, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে।
জিল্লুর রহমান গণভোটের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ও সরকার যে চারটি প্রশ্ন রেখে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে, তা গণভোটের জন্য নতুন একটি বিষয়। এই ধরনের চারটি বিষয়ে প্রশ্ন রেখে ৪০-এরও বেশি বিষয়ে জনমত যাচাইয়ের চেষ্টা একেবারেই বিজ্ঞানসম্মত নয় বলে তিনি মনে করেন।
এদিকে, এই সিদ্ধান্ত ঘিরে প্রধান বিরোধী দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জিল্লুর রহমান উল্লেখ করেন, বিএনপি জানিয়েছে যে সংবিধানে সংস্কার পরিষদের যে কথা বলা হয়েছে, তা ঐকমত্য কমিশনের সভায় আলোচনা হয়নি। এছাড়া উচ্চকক্ষে পিআরের বিষয়টি নিয়েও তাদের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। ফলে কীভাবে প্রধান উপদেষ্টা বা তার সরকার এই সিদ্ধান্তগুলো নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অপরদিকে, জামায়াতে ইসলামী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে, এই সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জামায়াতের দাবি ছিল গণভোট আগে হতে হবে।
জিল্লুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী, এর থেকেই স্পষ্ট যে বিএনপি ও জামায়াত—কোনো দলই সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তবে তিনি নিশ্চিত করেন যে, এনসিপি বরাবর প্রধান উপদেষ্টাকে জুলাই সনদে স্বাক্ষর করার কথা বললেও, স্বাভাবিকভাবেই অর্ডিন্যান্স বা আদেশ প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হয় না, সেটি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনই স্বাক্ষর করেছেন।
আরটিভি/এএইচ