শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০৩:৪৫ পিএম
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত।
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ইউটিউব ভিডিওতে তিনি এই পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, এই পুরো প্রক্রিয়াটি আসলে একটি নাটক, যা বিএনপি ও রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।
তার মতে, সরকার তাদের ভূমিকা সঠিকভাবে পালন করছে না, বরং পরিস্থিতি কৌশলে নিজেদের নিয়ন্ত্রণে রাখছে।
তিনি আরও বলেন, বিএনপি কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রাখলেও গণভোটে তা তুলে দেওয়া হয়েছে, যাতে সরকার তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার এবং আপার হাউসের প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেগুলোতে ভোটে জনগণকে ‘হ্যাঁ’ বা ‘না’—এ সম্মতি দিতে হবে।
জাহেদ উর রহমান জোর দিয়ে বলেন, যদি সব নিয়ম আগে ঠিকভাবে জানানো হতো এবং ‘রুলস অব দ্য গেম’ স্থির করা হতো, তবে বিএনপি এবং অন্যান্য দল তাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারত। এখন আমরা একটি অজানা এবং জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি।
তার মতে, এটি খুবই অনিশ্চিত ও খারাপ পরিস্থিতি হিসেবে মনে করা হচ্ছে, এবং সামনে আসলে কী হবে তা এখনো জানা যায়নি। তিনি অভিযোগ করেন যে, সরকারি ঘোষণার আগে অন্তত একবার সব পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। এর মাধ্যমে স্পষ্ট করা হচ্ছে যে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি পদক্ষেপ, যার বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে।
তিনি মনে করেন, দেশ একটি রাজনৈতিক বিশৃঙ্খলার দিকে এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা মোটামুটি নিশ্চিত বলেই ধরা যায়।
আরটিভি/এএইচ