শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৮ পিএম
বিশ্বজুড়ে রহস্য, বিশ্বাস আর বিতর্কের নাম বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা মৃত্যুর পরও জনপ্রিয়তায় সমান উজ্জ্বল। তার নামে ঘুরে বেড়ানো বহু ভবিষ্যদ্বাণীই যাচাই–অযোগ্য, তবু মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষত ভবিষ্যৎ নিয়ে আলোচনা উঠলেই।
২০২৬ সালকে কেন্দ্র করে সম্প্রতি তার নামে প্রচলিত বেশ কিছু ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায় এসেছে। যাচাইযোগ্য তথ্যের ঘাটতি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো ব্যাপক সাড়া ফেলেছে।
নিচে জনপ্রিয় সংস্কৃতিতে প্রচলিত বাবা ভাঙ্গার কথিত ১০ ভবিষ্যদ্বাণীর সারসংক্ষেপ তুলে ধরা হলো:
১. তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া
প্রচলিত দাবিতে বলা হয় ২০২৬ সালেই নাকি শুরু হতে পারে এক ভয়াবহ বৈশ্বিক সংঘাত। যদিও কোন দেশ জড়াবে বা কীভাবে যুদ্ধ শুরু হবে তার কোনও নির্দিষ্ট উল্লেখ নেই। বিশেষজ্ঞরা বরাবরই এসব ভবিষ্যদ্বাণীকে অনুমান-নির্ভর বলে উড়িয়ে দেন।
২. ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়
মহাভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত, চরম আবহাওয়া এমন নানা দাবি বাবা ভাঙ্গার নামের সঙ্গে যুক্ত। বলা হয়, পৃথিবীর ৭–৮ শতাংশ ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। এ দাবিরও নির্ভরযোগ্য উৎস নেই।
৩. এআই-শাসিত ভবিষ্যৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা এমন স্তরে পৌঁছবে যে মানুষের নিয়ন্ত্রণ কমে যাবে এমন ভবিষ্যদ্বাণীও প্রচলিত। প্রযুক্তিবিদদের মতে, এটি মূলত আধুনিক যুগের উদ্বেগের প্রতিফলন।
৪. ভিনগ্রহবাসীর সঙ্গে যোগাযোগ
২০২৬ সাল নাকি হতে পারে মানবজাতির প্রথম ‘এলিয়েন কন্ট্যাক্ট’-এর বছর। বিশাল মহাকাশযান এসে ভিনগ্রহবাসীর আগমনের দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত বিজ্ঞানী ও গবেষকদের অভিমত এমনই।
৫. রাশিয়া থেকে নতুন শক্তিশালী নেতা
রাশিয়া থেকে এক শক্তিশালী নেতার উত্থান এমন দাবিও প্রচলিত। তবে সময়, স্থান বা ব্যক্তির পরিচয় নিয়ে কোনও স্পষ্ট বক্তব্য নেই।
৬. বৈশ্বিক অর্থনৈতিক ধস
ব্যাংকিং সংকট, মুদ্রাব্যবস্থার পতন, চরম অর্থনৈতিক আলোড়ন বিভিন্ন জায়গায় এসবও ২০২৬-সংক্রান্ত ভবিষ্যদ্বাণীর তালিকায় দেখা যায়। তবে এর কোনও প্রামাণ্য ভিত্তি পাওয়া যায়নি।
৭. সোনার বাজারে অস্বাভাবিক আচরণ
সোনার দাম হঠাৎ আকাশছোঁয়া কিংবা ভয়ঙ্কর পতনের কথা বলা হলেও এর পেছনে কোনও নির্ভরযোগ্য ভবিষ্যদ্বাণী নেই। বাজার বিশেষজ্ঞরা একে গুজব বলেই উল্লেখ করেন।
৮. জলবায়ু বিপর্যয়ের মোড় ঘোরা
বন্যা, খরা ও ইকোসিস্টেম ক্ষয়ের সম্ভাবনা আধুনিক বিজ্ঞানীরাও তুলে ধরছেন। তবে এগুলোকে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত করার কোনও নির্দিষ্ট প্রমাণ নেই।
৯. এশিয়ার শক্তি বৃদ্ধি
চীনসহ কয়েকটি এশীয় দেশের উত্থান বৈশ্বিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে—এমন ধারণা নতুন নয়। তবে ভাঙ্গার নামের সঙ্গে এটিও যোগ করা হয়।
১০. বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতা
প্রযুক্তি, পরিবেশ ও রাজনীতির সংঘাতে বড় মাত্রার অভিবাসন ও সামাজিক বিশৃঙ্খলার সম্ভাবনার কথাও বলা হয়। এগুলো আধুনিক বিশ্বের উদ্বেগের সঙ্গে মিশে জনপ্রিয় গল্পে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞরা বহুবারই বলেছেন, বাবা ভাঙ্গার নামে ছড়িয়ে পড়া বেশিরভাগ ভবিষ্যদ্বাণীর কোনও লিখিত বা যাচাইযোগ্য ভিত্তি নেই। তবু রহস্যময়তা ও আলোচনার রসদ হিসেবে বিশ্বব্যাপী এগুলোর জনপ্রিয়তা কমেনি বরং বেড়েই চলেছে।
২০২৬ সালে এসবের কতটুকু মিলবে তা সময়ই বলে দেবে।
আরটিভি/এসকে