সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩২ পিএম
দেশব্যাপী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচন ঘিরে ততই বাড়ছে উত্তেজনা। প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জায়গায় জায়গায় শোভা পাচ্ছে নির্বাচনি বিলবোর্ড-ব্যানার।
এবারের নির্বাচনে ঢাকা-১১ আসনে দাঁড়িয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে তাকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট। নির্বাচনি প্রচারণায় ব্যাপক দৌড়ঝাঁপ চলছে তারও।
রাজধানীর সবুজবাগে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড-ব্যানার টানানো ছিল নাহিদ ইসলামের। কিন্তু রোববার (১ ফেব্রুয়ারি) সেই বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলেছে কে বা কারা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে নাহিদ ইসলামের একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।
পোস্টে তিনি আরও লিখেন, গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।
আরটিভি/এসএইচএম