images

সোশ্যাল মিডিয়া

রংপুরে ‘লাঙলের জানাজার’ ছবি ভাইরাল

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৯ পিএম

জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুরে এবার একটিও আসন পায়নি দলটি। সারা দেশে ১৯৬ আসনে প্রার্থী দিলেও কোথাও জয়ের মুখ দেখেননি লাঙল প্রতীকের প্রার্থীরা। প্রতিষ্ঠার চার দশকের বেশি সময়ে এমন ভরাডুবির মুখে পড়তে হয়নি দলটিকে।

নির্বাচনের ফল ঘোষণার পর রংপুরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে তার জানাজার নামাজ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে,রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।

ছবিটির সত্যতা ও সময়-স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে এটি ঘিরে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন নেটিজেনরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দলটির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন।

দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি রংপুর শহরে। ফলে এ অঞ্চলে বরাবরই লাঙলের শক্ত ভোটব্যাংক ছিল। তবে এবার সেই আসনগুলোতে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।  বিশেষ করে জামায়াত প্রার্থীরা ভালো ফল করেছেন বলে জানা গেছে। 

ভাইরাল ছবিকে ঘিরে একদল একে ‘রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ’ বলছেন, অন্যদিকে অনেকে এটিকে ‘অতিরঞ্জিত ও অসম্মানজনক’ মন্তব্য হিসেবে দেখছেন।

সব মিলিয়ে রংপুরের রাজনীতিতে লাঙলের এই পরাজয় ও তা ঘিরে প্রতীকী প্রতিবাদ আগামী দিনে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরটিভি/এসকে