images

সোশ্যাল মিডিয়া

মৃত্যুর খবর প্রচার হওয়ায় রাফিয়া লিখলেন, আমি সুস্থ আছি

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ১১:১৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি যাচাই করে এটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। 

শুক্রবার (১০ এপ্রিল) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, রাফিয়ার মৃত্যুর দাবিতে যেসব ফটোকার্ড ছড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই। এমনকি একটি মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডও ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফির মৃত্যুর ঘটনাকে ভুলভাবে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার সঙ্গে মিলিয়ে এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। বরং ৯ এপ্রিল গণমাধ্যমটি নিজেরাই একটি পোস্টে জানিয়েছে, তাদের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে।

এদিকে, ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া নিজেই তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে তিনি সুস্থ আছেন। তিনি বলেন, অনেকেই তাকে রাফিয়া সুলতানা রাফির সঙ্গে গুলিয়ে ফেলছেন।

ফলে, এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডাকসু সদস্য রাফিয়ার মৃত্যুর যে দাবি প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

আরটিভি/এসকে