মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০২:১০ পিএম
তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব বা মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা বর্তমানে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের সংবাদ নিয়ে যখন কোনো গণমাধ্যমের নাম ব্যবহার করে রাজনৈতিক অপপ্রচার চালানো হয়, তখন তা জনমনে বিভ্রান্তি তৈরি করে।
সম্প্রতি এমনই একটি অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরটিভির একটি ফটোকার্ড হুবহু নকল ও বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আরটিভি তাদের অফিসিয়াল সংবাদে ‘পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ, রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ’ শিরোনামে একটি সংবাদ ও সংশ্লিষ্ট ফটোকার্ড প্রকাশ করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো একটি দেশের মেগা প্রজেক্ট ও জাতীয় গর্বের এই সংবাদটি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করে। কিন্তু আরটিভির এই সংবাদের কার্ডটিকে অত্যন্ত চতুরতার সাথে এডিট বা বিকৃত করা হয়েছে। এম আর রহমান (M R Rahman) নামক একটি ফেসবুক আইডি থেকে আরটিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে শিরোনামটি পরিবর্তন করে দেওয়া হয়েছে।
বিকৃত সেই ফটোকার্ডে শিরোনাম হিসেবে লেখা হয়েছে ‘শেখ হাসিনা তৈরি করে দিয়েছে তারেক রহমান উদ্ভোদন করে আবার দাবি করে নাকি সে তৈরি করেছে’। আরটিভির মূল সংবাদের সাথে এই বিকৃত শিরোনামের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ একটি মিথ্যা ও বানোয়াট তথ্য।
আরটিভি কর্তৃপক্ষের জানিয়েছে, তারা এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। এটি কোনো কুচক্রী মহলের কাজ যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জনমনে বিভেদ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
আরটিভি/এআর