images

সোশ্যাল মিডিয়া

এবার মেয়র পদে লড়াইয়ের ঘোষণা নীলা ইসরাফিলের

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:৫১ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ছবি সংবলিত পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন তিনি।

নীলা ইসরাফিল লিখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

এরপর অ্যাকাউন্টে আরও দুটি পোস্ট করেন এনসিপির সাবেক এই নেত্রী। প্রশ্ন রেখে একটি পেস্টে তিনি লিখেন, কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?

আরও পড়ুন
Web-Image

কমিক স্টাইলের নতুন ট্রেন্ডে মজেছে নেটিজেনরা 

আরেকটিতে লিখেন, আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তো তুলবই। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত কথা দিলাম!

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল।

জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে তাকে।
 
মাঝে সাবেক শ্বশুর প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ ও নিজ দল এনসিপির নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তুমুল আলোচনায় আসেন নীলা। গত বছরের ২৮ জুলাই এনসিপি থেকে পদত্যাগ করেন তিনি।

আরটিভি/এমএ