images

সোশ্যাল মিডিয়া

ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৫:০০ পিএম

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের এক কোণে, ব্যস্ত শহরের রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন নাজমুল হাসান পাপন!

দেশের ক্রিকেটে তিনি নেই প্রায় দুই বছর ধরে। তবে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই। এই যেমন এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাক্তন সভাপতির ছবিটি মূহুর্তেই ছড়িয়ে পড়ল অনলাইনে!

ছবিটা যেন শুধু একটি মুহূর্ত নয়, বরং সময়ের এক অদ্ভুত পালাবদলের প্রতীক। যে মানুষ একসময় দেশের ক্রিকেটের কেন্দ্রবিন্দু ছিলেন, আজ তিনি আলোচনায় অন্য এক কারণে, অন্য এক প্রেক্ষাপটে। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়।

এটি পোস্ট করেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দৃশ্যটি, এতে কেউ বিস্মিত, কেউ নস্টালজিক, আবার কেউ সমালোচনায় মুখর। কারণ, এই দৃশ্যের সঙ্গে অনেকের মনে ভেসে ওঠে একেবারেই ভিন্ন এক পাপন-ক্ষমতার কেন্দ্রে থাকা, দৃঢ় উপস্থিতির এক প্রশাসক।

এই প্রথম নয়, প্রবাসজীবনে তার এমন সাধারণ মুহূর্তের ছবি এর আগেও সামনে এসেছে। কখনও লন্ডনের সুপারশপে, কখনও নিরিবিলি রাস্তায় হাঁটতে দেখা গেছে তাকে। কিন্তু এবারকার ছবিটি যেন বেশি কথা বলছে- সময়ের ব্যবধান, অবস্থানের পরিবর্তন আর জীবনের অনিশ্চয়তা নিয়ে।

একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষে ছিলেন পাপন। ২০১২ সালে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন দেশের ক্রিকেট প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী মুখ। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার অবস্থান দ্রুত বদলে যায়। সেই বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই তিনি পদত্যাগপত্র জমা দেন, যার মাধ্যমে শেষ হয় বিসিবিতে তার দীর্ঘ অধ্যায়।

তার পর থেকে বদলে গেছে বোর্ডের নেতৃত্বও। পাপনের বিদায়ের পর একের পর এক পরিবর্তন এসেছে। ফারুক আহমেদ স্বল্প সময় দায়িত্ব পালন করে অপসারিত হন জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে। এরপর আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিলেও তার বোর্ডও বেশিদিন স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত এ বছরের এপ্রিল মাসে এনএসসি বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

আরও পড়ুন
MADANI

দ্বিতীয় বিয়ে করে সবাইকে ধৈর্য ধরতে বললেন মাদানী

এই পুরো পরিবর্তনের প্রেক্ষাপটে লন্ডনের সেই ছবিটি যেন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ক্ষমতা, প্রভাব আর জনমুখী জীবনের বাইরে একজন মানুষ, যিনি এখন দূর থেকে দেখছেন নিজের গড়ে তোলা কাঠামোর রূপান্তর।

আরটিভি/এসএস