বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৪:৫৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির এ দাবি জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদের এতো আক্রোশের কারণ কী? কারণ একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই সেই বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।
তিনি আরও লেখেন, ১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাসের ঠিক প্রান্তে, ঠিক দিকে। আর ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে।
নাছিরের ভাষ্য, এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।
ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা। এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন।
পোস্টের শেষাংশে তিনি দাবি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি সত্বর এই বক্তব্য তাকে প্রত্যাহার করে নিতে হবে।
আরটিভি/টিআর