বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১২:০১ পিএম
পরিবারের সঙ্গে দুই সপ্তাহেরও বেশি সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর থাইল্যান্ডের জনপ্রিয় ইউটিউবার ও ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর লুন সোলোর মরদেহ উদ্ধার করেছে জর্জিয়ার পুলিশ। দেশটির রাজধানী তিবিলিসির একটি হোটেল থেকে তার মরদেহ পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, লুন সোলোর প্রকৃত নাম বোওয়ার্নথাত পেংসুক। ট্রাভেল কনটেন্ট তৈরির উদ্দেশ্যে জুলাই মাসের শুরুতে তিনি জর্জিয়া সফরে যান। গত ২৯ জুলাই জর্জিয়ার পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ বা কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
পরিবারের সদস্যরা জানান, গত ১৩ জুলাইয়ের পর থেকে লুন সোলোর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর তাকে খুঁজে বের করতে প্রকাশ্যে সহায়তার আবেদন জানান তার ভাই। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া বার্তার মাধ্যমে লুন সোলোর ভাই সোমসাক বুতশ্রী তার মৃত্যুর খবর জানতে পারেন। পরিবার জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে থাই কনস্যুলেটের নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে তারা।
লুন সোলো একাকী ব্যাকপ্যাকিং ও স্বল্প খরচে ভ্রমণবিষয়ক ভিডিওর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ফেসবুকে তার অনুসারী ছিল প্রায় ২৪ লাখ এবং ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল ১০ লাখের বেশি।
ব্যক্তিগত জীবনে ছোটবেলায় বাবাকে হারানোর পর থাইল্যান্ডের কালাসিনে দাদীর কাছে বেড়ে ওঠেন তিনি। উচ্চ মাধ্যমিক শেষে একটি কারখানায় কাজ করার পর স্কলারশিপ নিয়ে ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে চাকরি ছেড়ে পূর্ণকালীন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন। স্বল্প বাজেটে বিশ্বভ্রমণ এবং বিভিন্ন দেশের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেই তিনি লাখো দর্শকের কাছে পরিচিতি পান।
তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
আরটিভি/এসকে