images

খেলা / ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে বোলিং করছে মাশরাফিরা

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ১২:৪৬ পিএম

ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিংয়ে করছে বাংলাদেশ দল।

বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে এ ম্যাচে ২৭ ওভার পর্যন্ত দু’টি উইকেট নিয়েছে বাংলাদেশ দল। লঙ্কানদের সংগ্রহ ১৭৩ রান।

এ ম্যাচে বিশ্রামে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়। যদিও কোচ হাথুরুসিংহের পরিকল্পনা ছিল ম্যাচটিতে সবাইকে ব্যাটিং প্র্যাকটিস করানো হবে।

ইনজুরি কাটিয়ে দলে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার পুরোপুরি ফিট হওয়া নিয়ে খানিকটা শঙ্কা থাকলেও সবাইকে আশ্বস্ত করেন অধিনায়ক।

শততম টেস্টে না থাকলেও ওয়ানডে দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজ দিয়ে রানখরা কাটিয়ে উঠতে চান মিডলঅর্ডার এ ব্যাটসম্যান। ওয়ানডেতে মুশফিকুর রহিমের জায়গায় উইকেটের পেছনে দাঁড়িয়েছেন নুরুল হাসান সোহান।

আসছে ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ ভেন্যুতেই ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে। প্রথম দু'ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ওয়াই/এসএস