images

খেলা / ক্রিকেট

২০১০ সালের পর আমিরের ৫ উইকেট

রোববার, ২৩ এপ্রিল ২০১৭ , ০২:৫২ পিএম

ক্রিকেটে ফিরেছেন প্রায় ১ বছর হতে চললো। খেলছেন জাতীয় দলের হয়েও। এর মধ্যে কোনো কোনো ম্যাচে জ্বলে উঠলেও একেবারে বিধ্বংসী রূপ ধারণ করতে পারেননি। অবশেষে সেই রূপে দেখা দিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির।

তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার কিংস্টনের সাবিনা পার্কে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। এতে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী বোলারদের বোলিং তোপে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। মূল ভূমিকা রাখেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। প্রথম দিনেই রূদ্রমূতি ধারণ করেন তিনি। তার গতি আর সুইংয়ে কুপোকাত হয়ে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে তার ঝড় আরো গতি পায়। প্রথম দিন ৩ উইকেট নেয়ার পর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে আরো ২টি তুলে নেন ক্যারিয়ারের শুরুতেই মাঠ কাঁপানো এ বোলার। এ নিয়ে ২০১০ সালের সেই আলোচিত লর্ড টেস্টের পর ৫ উইকেট শিকার করলেন আমির।  

তা সত্ত্বেও দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ২৭৮ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। দলের এ সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। প্রতিরোধের প্রাচীর হয়ে এখনো ৫৫ রানে অপরাজিত আছেন তিনি। ৬৯ বলে ৭ চার ও ২ ছক্কায় এ ঝলমলে ইনিংস খেলেন ক্যারিবীয় অধিনায়ক। অপর প্রান্তে ৪ রান নিয়ে অপরাজিত আছেন টেইলএন্ডার শ্যানন গ্যাব্রিয়েইল।

৭ উইকটে ২৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমদিকে উইকেট হারায়নি ক্যারিবীয়রা। মনে হচ্ছিল, শক্তভাবেই প্রতিরোধ গড়ে তুলছে তারা। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ত্রাস হয়ে ওঠেন আমির। দলীয় ২৬৪ রানে সরফরাজ আহমেদের হাতে বিশুকে (২৮) ক্যাচ দিয়ে ফেরাতে বাধ্য করেন তিনি। এরপর আলজারি জোসেফকে রানের খাতাই খুলতে দেননি আমির। এ শিকারের মাধ্যমে ৫ উইকেট পূর্ণ করেন পাকিস্তানের পেস আক্রমণের কর্ণধার। পরে বৃষ্টির কবলে দ্বিতীয় দিনের খেলা আর মাঠে গড়ায়নি।

মোহাম্মদ আমির ২৪.৩ ওভারে ১১ মেডেনসহ ৪১ রানে ৫ উইকেট পকেটে পুরেন। ২ উইকেট যায় ইয়াসির শাহর দখলে। আর ১টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আব্বাস। অবশ্য প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন পাকিস্তানের নিউ পেস সেনসেশন মোহাম্মদ আব্বাস।

ডিএইচ