মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০১:২৩ পিএম
ক্যারিয়ার সেরা ফর্মে আছেন তামিম ইকবাল। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ২ ম্যাচে করেছেন ২২৩ রান। এ নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় সবার ওপরে আছেন তিনি। এমন পারফরম্যান্সের সুবাদে স্বাভাবিকভাবেই ড্যাশিং ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের রথি-মহারথিরা। এবার এ দলে যোগ দিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বললেন, তামিম বিশ্বমানের ব্যাটসম্যান।এ মুহূর্তে সে অন্য তারকা ব্যাটসম্যানের চেয়ে আলাদা।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের আতিথ্য নেয় বাংলাদেশ। এতে সব চোখ ধাঁধানো শটে ১২৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তামিম ইকবাল। সেটি ছিল তার ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সবাই যাওয়া-আসার প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও বুক চিতিয়ে খেলেন ৯৫ রানের লড়াকু ইনিংস। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁকান অসাধারণ সেঞ্চুরি। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন সেঞ্চুরি।
তামিমের বিষয়ে মাশরাফি বলেন, বিশ্বের দু’ক্রিকেট পরাশক্তির বিপক্ষে শেষ দু’ম্যাচে যেভাবে খেলেছে তাতেই প্রমাণ হয় সে কি ধরনের ফর্মে আছে। আপনি যদি তার শেষ ৮/১০টি ম্যাচ দেখেন তাহলে দেখবেন প্রতি ম্যাচেই বড় ইনিংস খেলেছে। শ্রীলঙ্কা, পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করেছে। সেই ধারাবাহিকতা এখানেও ধরে রেখেছে। আমি মনে করি, বিশ্বের শীর্ষ পর্যায়ের ব্যাটসম্যানরা সেরা ফর্মে থাকলে যেভাবে খেলে সে সেভাবেই ব্যাট করছে।
তিনি আরো বলেন, সে তার ফর্মটাকেই কাজে লাগাচ্ছে। কয়েকটি ম্যাচ খেয়াল করলে দেখবেন, ও ক্রিজ ছেড়ে এসে পেসারদের পেটাচ্ছে। এ মুহূর্তে সে অন্য তারকা ব্যাটসম্যানের চেয়ে আলাদা।
ডিএইচ