images

খেলা / ক্রিকেট

ধাওয়ানকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ০৬:২৩ পিএম

ভারতের মারকুটে ওপেনার শিখর ধাওয়ানকে পেছনে ফেলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাংলাদেশের তামিম ইকবাল। ২৯০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। আর ২৭১ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ধাওয়ান।

চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন তামিম। হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ড্যাশিং ওপেনার। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন লড়াকু ৯৫ রানের ইনিংস। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ফের জ্বলে উঠলেন বাংলাদেশের পক্ষে সব ধরনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী।

ফাইনালে ওঠার লড়াইয়ে ৭০ রান করে আউট হয়েছেন তামিম ইকবাল। ৮০ বলে তার এ ইনিংসটি সাজানো ৭ চার ও ১ ছক্কায়।

শুধু রানেই নয়, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ছক্কাতেও সবাইকে ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল। ৭টি ছক্কা মেরে শীর্ষে রয়েছেন তিনি। সমান ৭টি ছক্কা মেরে যৌথভাবে তামিমের সঙ্গে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ইয়ন মরগান। আর ৬টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের হার্ডহিটার ওপেনার রোহিত শর্মা। 

ডিএইচ