images

খেলা / অন্যান্য

টানা জয়ে শীর্ষে বাংলাদেশ

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ , ০৩:২৬ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত দাবা টুর্নামেন্টে টানা জয়ে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশ। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় ৬ জাতি শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থান লাভ করেছে।

৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে শ্রীলঙ্কা। টাইব্রেকিং পদ্ধতিতে নেপাল ও পাকিস্তান ৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছে।

পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে নেপালের ফিদে মাস্টার রাজভান্ডারি রাজেন্দ্র, ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা, সিঙ্গেশ্বর দাস ও ভাজরাচারিয়া রাজেন্দ্রাকে পরাজিত করেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সুপার লিগের প্রথম রাউন্ডে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।