শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ , ০১:১৭ পিএম
ক্লাব ফুটবলে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয় রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচকে। মঞ্চ সেটা যেখানেই হোক না কেন, ক্লাব ফুটবলে এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করে থাকে। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইটি পরিচিত এল ক্লাসিকো নামে।
এবার স্প্যানিশ এই দল দুটি বছরের প্রথম এল ক্লাসিকোয় মাঠে নামছে। তা সেটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে। আগামী রোববার (১৫ জানুয়ারি) রাত ১টায় সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
এর আগে প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় কার্লো আনচেলত্তির রিয়াল।
দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচও গড়ায় টাইব্রেকারে। ম্যাচ ২-২ গোলে অমিমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে বেতিসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সা।
এখন পর্যন্ত এল ক্লাসিকোয় ২৫০ ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। যেখানে রিয়ালের ১০১ জয়ের বিপরীতে বার্সার জয় ৯৭ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ অমীমাংসিত থাকায় ড্র হয়।
এদিকে স্প্যানিশ সুপার কাপেও ১৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে তাদের দেখায় ৯ ম্যাচ জিতে এগিয়ে রিয়াল মাদ্রিদ। আর বার্সার ৪ জয়ের বিপরীতে ড্র হয় ২ ম্যাচ।