সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:৩৬ পিএম
চলতি মৌসুমের শুরুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় হয় বার্সেলোনার। ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে কাতালান ক্লাবটি হোঁচট খেলেও স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছে। লিগ শিরোপার লড়াইয়ে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।
বার্সা টেবিলের শীর্ষে অবস্থান করলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে থেকেও নির্ভার হতে পারছেন না বার্সেলোনা কোচ। তার মতে, এখন লিগ মৌসুম মাঝপথে থাকা অনেক কিছুই ঘটতে পারে।
লা লিগায় ২০ দলের টুর্নামেন্টে প্রতিটি দলের ম্যাচ ৩৮টি করে। ফলে এখনও ১৭ ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার। তাই জাভি মনে করছেন পথটা এখনও অনেক লম্বা। তিনি বলেন, ‘১১ পয়েন্ট (রিয়ালের জন্য) অনতিক্রম্য দূরত্ব নয়। মনে রাখতে হবে, এখনো আমাদের ১৭টি ম্যাচ বাকি।’
তবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকখানি এগিয়ে থাকায় সন্তুষ্টিও আছে বার্সা কোচের। ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার রাতে ১-০ গোলে জয়ের ফলে লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বার্সা। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম জয়ের সঙ্গে টানা ১৬ ম্যাচে অপরাজিত কাতালান ক্লাবটি।

জাভি বলেন, ‘আমরা একটা শক্তিশালী দল হতে পেরেছি। এ ধরনের অনুকূল ফলের ধারাবাহিকতা বিশেষ ব্যাপার। বোঝা যাচ্ছে, পরিশ্রম করছি, মনোযোগী আছি। দলের পারফরম্যান্সে আমি খুশি।’
তবে পুরোটাই যে স্বস্তির, তা–ও নয়। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়টি ছিল চলতি লা লিগায় বার্সার ১-০ ব্যবধানের সপ্তম জয়। এর আগে ১৯৮৬-৮৭, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭ মৌসুমে এ ব্যবধানে ৭টি ম্যাচ জিতেছিল বার্সেলোনা।
ছোট ব্যবধানের এ জয়ের বিপদ হচ্ছে ম্যাচজুড়ে প্রতিপক্ষের সমতায় ফেরা বা নিজেদের পিছিয়ে যাওয়ার শঙ্কায় থাকা। বিষয়টি নিয়ে কাজ করার জায়গা দেখছেন বার্সেলোনা কোচ জাভি, ‘গোল হতে পারত, এমন বেশ কয়েকটি পরিস্থিতি আমার নজরে পড়েছে। কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারিনি। শেষ পাসটা, কোন দিকে কাকে দেব—এই সিদ্ধান্ত আমরা ঠিকমতো নিতে পারিনি। এ ধরনের ঘটনা বারবার ঘটলে শেষ পর্যন্ত ভুগতে হয়। আমরা লক্ষ্যভেদে সফল নই।’
আগামী বুধবার রাতে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। ইউরোপা লিগে রবার্ট লেওয়ানডোফস্কি-গ্যাভিদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।