images

খেলা / ক্রিকেট

‘গোমূত্র–পোস্টে’র জন্য ক্ষমা চাইলেন পাকিস্তানের সেই উপস্থাপিকা

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ , ০৭:২৮ পিএম

ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সঞ্চালনা করছিলেন পাকিস্তানের জয়নব আব্বাস। তবে তার পুরনো ভারতবিরোধী একটি পোস্ট ঘিরে বিতর্ক শুরু হলে ভারত ছাড়তে হয় তাকে। 

সে সময়ে গুঞ্জন উঠে, তাকে নাকি ‘ডিপোর্ট’ করা হয়েছিল। তবে সেসব বিতর্ক উড়িয়ে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয়নব। তার দাবি, ভারত ছাড়তে কেউ চাপ দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন জয়নব আব্বাস। তার ভাষ্য, ভারত ছাড়তে কেউ তার ওপর চাপ তৈরি করেনি, এমনকি তাকে ডিপোর্টও করা হয়নি। ব্যক্তিগত করণেই তিনি বিশ্বকাপের মাঝে ভারত ছেড়েছেন।

এই উপস্থাপিকার মন্তব্য, তার নিরাপত্তার দিক দিয়ে কোন হুমকি তিনি অনুভব করেননি। তবে তার কথা ভেবে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। পাশাপাশি পুরনো পোস্টের মাধ্যমে কারো মনে আঘাত করে থাকলে তার জন্য ক্ষমাও চেয়ে নেন।

দীর্ঘ এক পোস্টে জয়নব লেখেন, আমি যখন ভারতে ছিলাম, তখন সবাই আমার সঙ্গে হেসে খেলে কথা বলতেন। সবাই যেন খুব পরিচিত, এমনই এক অনুভূতি লাভ করেছি আমি। আমি নিজেও ঠিক এমনটাই আশা করেছিলাম। আমাকে কেউ ভারত ছেড়ে চলে যেতে বলেনি। বা আমাকে নির্বাসিতও করা হয়নি। তবে অনলাইন প্রতিক্রিয়া দেখে আমি ভয় পেয়েছিলাম এবং যদিও আমার নিরাপত্তার বন্দোবস্ত ভালো ছিল। আমার ওপর তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। তবে আমার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তাই আমার নিজেরই কিছুটা সময়ের প্রয়োজন হয়ে পড়েছিল।