বুধবার, ১৫ মে ২০২৪ , ০৯:৫৮ পিএম
চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করলেও প্লে-অফের টিকিট নিশ্চিত করতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস। নিজেদের ১৩তম ম্যাচে আগে ব্যাট করে স্যাম কারানদের ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সাঞ্জু স্যামসনের দল।
বুধবার (১৫ মে) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি রাজস্থানের দুই ওপেনার। ৪ বলে ৪ রান করে যশস্বী জয়সওয়াল আউট হলে, ২৩ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন টম কোহলার-ক্যাডমোর।
এদিন পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ইনিংস লম্বা করতে পারেননি সাঞ্জুও। ১৫ বলে ১৮ রান করে আউট হন এই ব্যাটার।
এরপর অশ্বিনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রিয়ান পরাগ। তাদের ব্যাটে এগোতে থাকে রাজস্থান।
শেষ দিকে অশ্বিন ১৯ বলে ২৮ রান করে ক্যাচ আউট হলেও রিয়ান পরাগের ৩৪ বলের ৪৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানের লড়াকু পুঁজি পায় রাজস্থান।
পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন স্যাম কারান, হর্ষাল প্যাটেল এবং রাহুল চাহার। এ ছাড়া একটি করে উইকেট নেন নাথান এলিস ও আরশদীপ সিং।