সোমবার, ২০ মে ২০২৪ , ০৮:৩৫ পিএম
নানা নাটকীয়তার পর ওয়ানডে, টি-টোয়েন্টিতে কারস্টেন এবং টেস্টে জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। গত ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নিয়োগ পেলেও আইপিএলে দায়িত্ব পালন করায় সঙ্গে সঙ্গে বাবরদের দায়িত্ব নিতে পারেননি গ্যারি কারস্টেন। প্রায় তিন সপ্তাহ পর পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নিয়েছেন কারস্টেন।
এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন কারস্টেন। গুজরাট লিগ পর্ব থেকে বিদায় নেওয়ার ফলে শেষ হয়েছে কারস্টেনের আইপিএল ব্যস্ততা। ফলে এবার পাকিস্তান দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
সোমবার (২০ মে) ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাবর আজমদের দায়িত্ব কাঁধে নিয়েছে কারস্টেন। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সেই সঙ্গে কারস্টেনের সাথে অধিনায়ক বাবর আজম, নির্বাচক ওয়াহাব রিয়াজ এবং সহকারী কোচ আজহার মাহমুদের একটি ছবি পোস্টও করা হয়েছে।
আগামী ২২ মে মাঠে গড়াবে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ২৫, ২৮ এবং ৩০ মে আয়োজিত হবে বাকি তিন ম্যাচ।
ইংল্যান্ড সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে হবে পাকিস্তানকে। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ৬ জুন, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।