images

খেলা / ফুটবল

আফ্রিকা সেরা মিশরের মোহাম্মদ সালাহ

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৮ , ১২:৩০ পিএম

ব্যাপারটি অনুমিতই ছিল। অসাধারণ নৈপুণ্যে স্বপ্নের মতোই বছরটি শেষ করেছিলেন মোহাম্মদ সালাহ। তার পা যেখানেই পড়েছে, সাফল্য ধরা দিয়েছে। অখ্যাত এক ফুটবলার থেকে বনে গেছেন তারকা। গত মাসে বিবিসি আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিজের সেরাটা জানান দিয়েছিলেন মোহাম্মদ সালাহ। এবার এই সফলতাই তাকে মুকুট পরিয়ে দিল। আফ্রিকা অঞ্চলে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার হলেন মিশর জাতীয় দল ও লিভারপুলের স্ট্রাইকার।

বৃহস্পতিবার রাতে কনফেডারেশন্স অব আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফ) তাকে সেরার স্বীকৃতি দেয়। ঘানার আক্রাতে প্রথমবারের মতো এ পুরস্কার জেতা সালাহ পেছনে ফেলেন ক্লাব সতীর্থ সাদিও মানে ও পিয়েরি-এমরিক আয়ুবামেয়াংকে।

কেননা জাতীয় দল ও ক্লাবের হয়ে নিয়মিত ঝলক দেখিয়ে নিজেকে প্রমান করেছেন সালাহ। সিএএফের জাতীয় দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত অফিসিয়াল ও সাংবাদিকদের ভোটে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

সর্বোচ্চ ৬২৫ ভোট পেয়ে ২০১৭ সালের বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জেতেন সালাহ। গত বছর জাতীয় দল, রোমা ও লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সেরার পুরস্কার উঠে তার হাতে।

সালাহর লিভারপুল সতীর্থ ও সেনেগাল তারকা খেলোয়াড় সাদিও মানে ৫০৭ ভোট পেয়ে রানার্সআপ নির্বাচিত হন। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবনিজ ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং ৩১১ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হন।

২০১৭ সালে সবমিলিয়ে ৫৭ ম্যাচে ৩৬ গোল করেন সালাহ। অন্যদিকে সাদিও মানে ৩৬ ম্যাচে করেন ১৬ গোল। অবামেয়াং ৫১ ম্যাচে ৪৩ গোল করলেও চলতি মৌসুমে দারুণ নৈপুণ্যের সুবাদে সালাহকেই সেরা নির্বাচিত করা হয়। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ২৩ গোল করে প্রতিযোগিতাপূর্ণ ইংলিশ লিগে হ্যারি কেনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন সালাহ। এছাড়া মিশরকে মর্যাদার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে দিতেও গোল করেছেন তিনি।

আফ্রিকান অঞ্চলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের মধ্য দিয়ে দিদিয়ের দ্রগবা, জর্জ উইয়াহ, রজার মিলা এবং ইয়াইয়া তোরের মতো কিংবদন্তি তারকাদের কাতারে জায়গা করে নিলেন সালাহ। তারাও আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে মিসরের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই সম্মানজনক পুরস্কার জিতলেন সালাহ। ১৯৮৩ সালে প্রথম মিসরীয় তারকা হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মাহমুদ আল খাতিব।

এএ