images

খেলা / ফুটবল

৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪২ পিএম

ইনজুরির সঙ্গে নেইমারের বন্ধুত্বটা কতটা গভীর তার সবারই মোটামুটি জানা। আর নেইমার সবশেষ গোল করে ছিলেন সেটার দিকে নজর দিয়ে আরও পরিষ্কার ভাবে জানা যাবে। দ্বিতীয় দফায় সান্তোসে ফিরে গতকাল গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এর আগের গোলটি পেয়েছিলেন ৫০২ দিন আগে।

২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি ক্লাব আল-হিলালের হয়ে শেষবারের মতো গোল করেছিলেন নেইমার। সৌদি লিগে এক বছরেরও বেশি সময় ধরে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

তাই নিজেকে ফিরে পেতে সৌদি ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন তিনি। শুরু দুই ম্যাচ সেভাবে আলো ছড়াতে না পারলেও সান্তার বিপক্ষে দেখা পেয়েছেন তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোল নেইমারের জন্য স্বস্তির, কারণ সান্তোসে ফিরে আসার পর এটি তার প্রথম গোল।

এদিন আক্রমণের সূচনা করেন এবং প্রতিপক্ষের বক্সে ফাউল আদায় করেন তিনি। এরপর তার স্বভাবসুলভ থেমে শুরু করা দৌড়ের মাধ্যমে ১৪তম মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোরলাইন খোলেন নেইমার।

এই গোলের মাধ্যমে নেইমার সান্তোসের হয়ে ২৩৪ ম্যাচে ১৩৯ গোলের মাইলফলকে পৌঁছান। ২০১৩ সালে এই ক্লাব ছেড়ে ইউরোপের ফুটবলে পা রাখার পর এটি তার প্রথম গোল। এ ছাড়াও একটি অ্যাসিস্টও করেন নেইমার, যা সান্তোসে ফেরার পর চার ম্যাচে তার প্রথম অ্যাসিস্ট। তার দল ম্যাচটি ৩-১ 
গোলে জিতে নেয়।

আরটিভি/এসআর/এআর