বুধবার, ০৭ মে ২০২৫ , ১১:৫৯ এএম
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের চালানো সামরিক অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
এই অভিযানকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। যার মধ্যে রয়েছেন গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
ভারত পাকিস্তান ও জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় ও স্থাপনায় হামলা চালায় বলে জানা গেছে। ভারতের সশস্ত্র বাহিনী এই হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে।
হামলার পরপরই ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘জয় হিন্দ’ লিখে একটি ছবি পোস্ট করেন, যেখানে ‘অপারেশন সিঁদুর’ লেখা ছিল। একই ধরনের পোস্ট করে ভারতীয় বাহিনীকে ‘স্যালুট’ জানান সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তাদের এই সমর্থনে সুর মিলিয়েছেন প্রজ্ঞান ওঝা এবং বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটাররা। যারা নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই ছবি শেয়ার করেন।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের এই হামলায় দেশটির পাঞ্জাব প্রদেশ ও আজাদ কাশ্মীরের ছয়টি এলাকায় নারী ও শিশুসহ অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। এর জবাবে পাকিস্তানও মঙ্গলবার রাতেই পাল্টা হামলা চালায় বলে দাবি করেছে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়াও, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর এবং একটি তল্লাশিচৌকি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।
অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তাদের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, উদ্ভূত যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আরটিভি/এসকে/এআর