images

খেলা / ক্রিকেট

পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদকে কি দেশে ফিরিয়ে আনা হবে? 

বুধবার, ০৭ মে ২০২৫ , ০১:১৯ পিএম

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে ইতোমধ্যে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। 

মঙ্গলবার (৭ মে) মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় হামলা চালিয়েছে ভারত। বিপরীতে পাকিস্তানও জবাব দিয়েছে। তাদের পাল্টা আঘাতে এখন পর্যন্ত ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি গণমাধ্যমের।

দুই দেশের চলমান এই সংঘাতের মাঝে বাংলদেশের জন্য আছে এক দুশ্চিন্তার দিক। এই মুহূর্তে ভারতে চলছে আইপিএল আর পাকিস্তানে চলছে পিএসএল। দুই দেশেই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছেন বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা। পাকিস্তানে পিএসএল খেলতে গেছেন বাংলাদেশের দুই তারকা নাহিদ রানা এবং রিশাদ হোসেন।

পিএসএলে পেশোয়ারের হয়ে খেলছেন নাহিদ আর লাহোরের হয়ে খেলছেন রিশাদ হোসেন। ভারত পাকিস্তানের চলমান এই সংঘাতের মাঝে এই দুই বাংলাদেশী ক্রিকেটারদের কী দেশে ফিরিয়ে আনা হবে কি না সেটাই জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

এই বিষয়ে বিসিবির পরিচালক বলেন, পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। তবে পরিস্থিতি খারাপ হলে অবশ্যই রিশাদ এবং নাহিদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

নাহিদ ও রিশাদের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন
PAKISTAN

পাকিস্তানে হামলা সমর্থন করে যা বললেন ভারতের ক্রিকেটাররা

উল্লেখ্য, পিএসএলে এখন পর্যন্ত লিগ পর্বে নাহিদের দলের বাকি আছে ২ ম্যাচ আর রিশাদের দলের বাকি আছে ১ ম্যাচ। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত পাকিস্তানে থাকতে হতে পারে। তবে ভারত  ও পাকিস্তানের চলমান উত্তেজনা বজায় থাকলে হয়তো দুই বাংলাদেশি ক্রিকেটারকে পিএসএলের বাকি ম্যাচগুলোতে আর নাও দেখা যেতে পারে।  

আরটিভি/এসকে/এআর