images

খেলা / ক্রিকেট

পাকিস্তান এবং আরব আমিরাত সফরের তথ্য জানাল বিসিবি

শনিবার, ১০ মে ২০২৫ , ১০:২২ পিএম

জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। এই দুই দেশের রাজনৈতিক সংঘাতের কারণে ক্রীড়াঙ্গণেও প্রভাব পড়ে। এই উত্তেজনা পরিস্থিতির মাঝে চলতি মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু এই সফরটি এখন প্রায় অনিশ্চিত। সিরিজের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

শনিবার (১০ মে) বিসিবির কয়েকজন পরিচালকদের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভার পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঠিক সময়েই হবে। তবে পাকিস্তান সফর হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।  

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই বিসিবির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সফর (পাকিস্তান) নিয়ে যেকোনো সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা করে নেওয়া হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট ও দলের সর্বোচ্চ স্বার্থ দেখবে।’ 

আরও পড়ুন
rishad_airport

পাকিস্তান থেকে ফিরে রিশাদ শোনালেন ভিন্ন এক অভিজ্ঞতার কথা

বিসিবি আরও জানায়, আমিরাত সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। এ সময়ে পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিবি।  

উল্লেখ্য, আরব আমিরাত সফরের সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ মে। সিরিজের ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম।

আরটিভি/এসকে