সোমবার, ৩০ জুন ২০২৫ , ০১:৪২ পিএম
পাকিস্তানের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন সাবেক পেস অলরাউন্ডার আজহার মাহমুদ। বোলিং কোচ এবং সহকারী হেড কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর নতুন ভূমিকায় অভিষিক্ত হলেন আজহার।
সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের হেড কোচ হিসেবে আজহার মাহমুদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনি তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে পিসিবি জানায়, অভিজ্ঞ ক্রিকেটীয় মননের অধিকারী আজহার মাহমুদ এই দায়িত্ব গ্রহণ করছেন একটি সমৃদ্ধ অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে। জাতীয় দলের সহকারী হেড কোচ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে দলের কৌশলগত কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। খেলা সম্পর্কে তার গভীর জ্ঞান, আন্তর্জাতিক মঞ্চে হাতে-কলমে অভিজ্ঞতা এবং ইংলিশ কাউন্টি সার্কিটে প্রমাণিত সাফল্য তাকে এই পদের জন্য অত্যন্ত উপযুক্ত প্রার্থী করে তুলেছে।
আজহারের অভিজ্ঞতার কথা উল্লেখ করে পিসিবি বলেছে, দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের মাধ্যমে তার লাল-বল ক্রিকেটে দক্ষতা প্রমাণিত। এই অর্জন তার নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং শ্রেষ্ঠত্বের প্রতি অটল প্রতিশ্রুতির প্রতিফলন। পিসিবি আত্মবিশ্বাসী যে, আজহারের নির্দেশনায় রেড-বল দল শক্তি, শৃঙ্খলা এবং বিশ্ব মঞ্চে পারফরম্যান্সের দিক থেকে আরও এগিয়ে যাবে।
এর আগে, ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী আকিব জাভেদ এই পদে দায়িত্ব পালন করেন। গত বছর অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পি বিদায় নেওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
আজহারের প্রথম চ্যালেঞ্জ হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দলকে প্রস্তুত করা। চলতি বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে আসবে। এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আর এই সিরিজই হবে আজহার মাহমুদের প্রথম অ্যাসাইনমেন্ট।
আরটিভি/এসকে