images

খেলা / ক্রিকেট

১৯ বছর পর যে নিয়ম চালু করতে যাচ্ছে বিসিবি

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০২:২৯ পিএম

প্রায় ১৯ বছর পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ২০০৬ সালে এই আয়োজন করেছিল বিসিবি। এরপর থেকে দীর্ঘদিন এই রীতির কোনো চর্চা হয়নি। এবার সেই পুরনো ধারা পুনরায় চালু করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে ও তাদের পারফরম্যান্সের স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ বলে জানিয়েছে বিসিবি সূত্র। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এই পুরস্কার প্রদানের রীতি চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪-৫ বছর পুরস্কার দেওয়ার নিয়ম চালু রাখার জন্য পরিকল্পনা তৈরি করছে বিসিবি। যেখানে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিক, গ্রাউন্ডস কর্মীদের পারফরম্যান্সও মূল্যায়ন হতে পারে।   

এ প্রসঙ্গে বুলবুল বলেন, আমরা আবার অ্যাওয়ার্ড নাইট চালু করব। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসব কীভাবে পুরস্কারগুলো দেবো। সেজন্য আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা করছি।

বুলবুল আরও জানান, ক্রিকেটারদের পাশাপাশি সাংবাদিক ও গ্রাউন্ডস কর্মীদের পারফরম্যান্সও মূল্যায়নের আওতায় আনা হতে পারে। এ ব্যাপারে তিনি বলেন, এটা আমাদের প্রোগ্রামেরই একটা অংশ। হাইপারফরম্যান্স ফর অল—এটার সঙ্গে হচ্ছে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা বা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য (লক্ষ্য থাকবে)। ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা এই পুরস্কার দেবো।

আসন্ন অ্যাওয়ার্ড নাইটে জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও বয়সভিত্তিক, নারী দল, ঘরোয়া ক্রিকেট এবং আম্পায়ারদের মধ্য থেকেও সেরা পারফরমারদের পুরস্কৃত করা হবে। আয়োজনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আশা করা যাচ্ছে, এবার থেকে এই আয়োজন হবে বার্ষিক রীতি অনুযায়ী।

আরও পড়ুন
SAMI

বিসিবি সভাপতির উপদেষ্টা পদে থাকতে চান না সামী

ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে প্রতিবছরই ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এবার সেই রীতিই আবারও চালু করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

আরটিভি/এসকে