images

খেলা / ফুটবল

ক্যাবরেরার পদত্যাগ চাওয়া শাহীনকে কমিটি থেকে অব্যাহতি বাফুফের

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০৩:১৬ পিএম

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এবার সেই শাহীনকে জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত একটি চিঠি হাতে পেয়েছেন তিনি। তবে সেখানে শাহীনকে অব্যাহতি দেওয়া চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। 

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটি। এ সকল স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মনোনয়ন কিংবা অব্যাহতির এখতিয়ার চেয়ারম্যানের রয়েছে।

বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় দল কমিটিতে একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন। সেখানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটির আকার বাড়িয়েছেন ১২ জনে। 

শাহীনকে অব্যাহতি দেওয়ার পর এখন কমিটিতে ১১ জন রয়েছেন। জাতীয় দল কমিটি ম্যাচ, টুর্নামেন্টের পরিকল্পনা, কোচিং স্টাফের মূল্যায়ন ও নিয়োগ নিয়ে কাজ করে।

আরও পড়ুন
Wb_Iag

ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনি ফুটবলারের মর্মান্তিক মৃত্যু

চিঠিতে লেখা রয়েছে, নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন। শুধু জাতীয় দল কমিটি থেকে অপসারণ করা হয়েছে তাকে। 

গত ১৪ জুন শাহীন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের বিদায় চাওয়ায় বাফুফের প্রায় সবাই বিব্রত হয়েছে, পাশাপাশি কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও উঠেছেছিল তার উপর। এবার অপসারণ হলেন তিনি।

প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ পুরুষ ফুটবলের দায়িত্বে হ্যাভিয়ের ক্যাবরেরা। ২০২৩ সালে সাফ ফুটবলের সেমিফাইনাল ছাড়া তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। প্রাথমিক দল নির্বাচন, খেলোয়াড় বদল বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। 

হামজা চৌধুরী, সামিত সোমের মতো ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পরও ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় না পাওয়ায় কোচের মুন্ডুপাত করছেন সবাই। হংকং ম্যাচের আগে কোচের অব্যাহতি চাইছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।

আরটিভি/এসআর/এস