বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০১:২৫ পিএম
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইউরোপে শিরোপাহীন মৌসুম কাটানোর পর ক্লাব বিশ্বকাপে শিরোপা জয়ের মাধ্যমে সান্ত্বনা খুঁজছে লস ব্লাঙ্কোসরা। তবে ফাইনালে উঠতে হলে তাদের লড়তে হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-এর বিপক্ষে। এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে তৈরি হওয়া উত্তেজনার মাঝেই দেখা দিল নতুন সংকট।
বুধবার ( ৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হতে পারেননি রিয়াল কোচ জাভি আলোনসো। এর পেছনে কারণ—বিরূপ আবহাওয়াজনিত কারণে রিয়ালের ফ্লাইট নির্ধারিত সময়ে নিউইয়র্ক পৌঁছায়নি।
মায়ামি থেকে নিউইয়র্কে আসার পথে ঝড়ের কবলে পড়ে রিয়াল বহনকারী বিমান। শুরুতে স্থানীয় সময় রাত ৮:১৫-তে সংবাদ সম্মেলনের সময় পিছিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বহর নিউইয়র্কে পৌঁছায় ৮:৫২ মিনিটে। ফলে ফিফা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন বাতিল করে। একইসঙ্গে বাতিল করা হয় মিক্সড জোনের সেশনও, যেখানে কথা বলার কথা ছিল কোচ আলোনসো, থিবো কোর্তোয়া, ফেদেরিকো ভালভার্দে ও জ্যাকব র্যামনের।
রিয়াল কোচের অনুপস্থিতি জানতে পেরে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, তিনি এখনও আসেননি? সত্যি? অবশ্য এটি আমার কাছে কোনো বিষয় নয়। আমি ফ্লাইট সংক্রান্ত সমস্যার কথা জানতাম না। আশা করি তারা নিরাপদে পৌঁছাবে।
ঘটনার সূত্রপাত কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়ালের সেমিফাইনালে ওঠার পর। তখনই নিউইয়র্কে ক্যাম্প করার কথা থাকলেও পরে তারা ফ্লোরিডার পাম বিচে অবস্থান করে এবং সেখান থেকেই ম্যাচ প্রস্তুতি নেয়।
তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ফিফার বাধ্যতামূলক নিয়ম। ফিফার ক্লাব বিশ্বকাপ নীতিমালার ৪.৩ (ই) এবং ৪.৫ অনুচ্ছেদ অনুযায়ী, ফিফার আয়োজন ও মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণ করা প্রত্যেক দলের দায়িত্ব। এ নিয়ম ভাঙলে শাস্তির মুখে পড়ার সম্ভাবনা থাকে।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ফিফার কাছে এ বিষয়ে জানতে চাইলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র আশ্বস্ত করে জানিয়েছেন, বিমানের অনিবার্য বিড়ম্বনার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত না হলেও, রিয়াল মাদ্রিদ কোনো জরিমানা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মুখে পড়ছে না।
সবকিছু ছাপিয়ে এখন মূল নজর মাঠের লড়াইয়ে। ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে দুই ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি।
আরটিভি/এসকে