শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৪:৪৩ পিএম
আবারও বিতর্কে জড়ালেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার উমর আকমল। এবার মাঠের পারফরম্যান্স নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
৩৫ বছর বয়সী উমর অভিযোগ করেছেন, আইসিসি অনুমোদিত বিভিন্ন আন্তর্জাতিক লিগে খেলার জন্য বারবার আবেদন করেও পিসিবির কাছ থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাচ্ছেন না। এতে তার পেশাদার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে উমর বলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে সবসময় গুরুত্ব দিয়েছি বলেই অনেক বড় বড় লিগে খেলিনি। আজ মনে হচ্ছে, সেটি ভুল সিদ্ধান্ত ছিল।
তিনি প্রশ্ন তুলেছেন, পিসিবির কোন ব্যক্তিগত সিদ্ধান্তে তাকে উপেক্ষা করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো অভিযোগ নেই, তবুও আমাকে বাইরে রাখা হচ্ছে। অথচ এমন অনেকেই আছেন যারা শাস্তি পেয়েও দলে ফিরেছেন।
উমর উদাহরণ দিয়ে বলেন, অতীতেও তিনি এনওসি ইস্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একবার ১২ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনুমতি চেয়েও ২০ তারিখ রাতে এনওসি পান, ফলে চুক্তি বাতিল হয় এবং তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন।
সাম্প্রতিক সময়ে আইসিসি অনুমোদিত সুইজারল্যান্ডের একটি টি-টোয়েন্টি লিগে অংশ নিতে এনওসি চেয়েও এখনও কোনো উত্তর পাননি বলেও অভিযোগ করেন তিনি। উমরের ভাষায়, ‘যদি লিগটি আইসিসি অনুমোদিত না হতো, আমি কখনোই আবেদন করতাম না।’
বর্তমান বোর্ড প্রশাসনের ওপর হতাশা প্রকাশ করে তিনি বলেন, যারা এখন বোর্ডে আছেন, তারাও একসময় খেলোয়াড় ছিলেন। তাদের কাছ থেকে এমন ব্যবহার প্রত্যাশা করিনি।
শেষমেশ আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে উমর আকমল বলেন, যদি আমি এনওসি না পাই, তবে সব প্রমাণসহ মিডিয়ার সামনে আসব। মানুষ বিচার করুক। অন্তত আমার নিজের মনের শান্তি পাব।
উল্লেখ্য, উমর আকমল পাকিস্তানের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ১,৬৯০ রান করেছেন, স্ট্রাইক রেট ১২২, অর্ধশতক ৮টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার রয়েছে বিপিএল, পিএসএল ও সিপিএল-এর অভিজ্ঞতা। পাকিস্তানের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০১৯ সালে।
আরটিভি/এসকে