images

খেলা / ফুটবল

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলের সব কার্যক্রম স্থগিত

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৫:৫২ পিএম

ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও গ্ল্যামারাস আসর ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) শুক্রবার (১১ জুলাই) অংশগ্রহণকারী ক্লাবগুলো এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায়।  

চিঠিতে এফএসডিএল উল্লেখ করেছে, ফেডারেশনের সঙ্গে তাদের মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) ২০২৪ সালের ৮ ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। ফলে সেপ্টেম্বরে লিগ শুরু হলেও চলতি মৌসুমের মাঝপথেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এমআরএর নতুন চুক্তি নিয়ে আলোচনার উদ্যোগ আগেই নেওয়া হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এফএসডিএল চিঠিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে আমরা ২০২৫-২৬ মৌসুম নিয়ে কাজ করার মতো অবস্থায় নেই। যতক্ষণ পর্যন্ত নতুন চুক্তি নিয়ে স্পষ্টতা না আসে, ততদিন আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে ১৫ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় ফেডারেশন প্রতিবছর ৫০ কোটি রুপি পেয়ে থাকে। এই অর্থ ফেডারেশনের দৈনন্দিন খরচ এবং অন্যান্য ঘরোয়া লিগ আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ফেডারেশনের বর্তমান সংবিধান চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা কোনো নতুন এমআরএ স্বাক্ষর করতে পারবে না। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন কমিটির অধীনেই সম্ভবত ভবিষ্যতের চুক্তি স্বাক্ষরিত হবে, যা সময়সাপেক্ষ হতে পারে।

আরও পড়ুন
shuvman

আবার শুভমানের নিয়মভঙ্গ, শাস্তি এড়ালেন বুদ্ধি দিয়ে

ফলে চলতি বছর আইএসএলের আসর মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভারতের ঘরোয়া ফুটবলে এটিকে এক বড় ধাক্কা হিসেবে দেখছে অনেকেই।

 আরটিভি/এসকে -টি