images

খেলা / ফুটবল

রিয়ালের আবেদন নাকচ করে দিলো লা লিগা

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৬:১২ পিএম

চলমান ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে লা লিগার প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই আবেদন নাকচ করে দিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ফলে নির্ধারিত সময়েই নতুন মৌসুমে মাঠে নামতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। 

২০২৪-২৫ মৌসুমে কোনো বড় ট্রফি জিততে না পারা রিয়াল মাদ্রিদের মৌসুম শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপে বড় পরাজয়ের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। এরপর কিছুদিন বিশ্রামে যাচ্ছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা।

তবে প্রস্তুতির জন্য বাড়তি সময় চাইলেও লাভ হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে লা লিগা সভাপতি তেবাস বলেন, এটা লা লিগার একক সিদ্ধান্ত নয়। তবে আমরা আগেই জানিয়েছি, ম্যাচের তারিখ পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, পিএসজি বা চেলসির মতো ক্লাবও তাদের লিগের সূচি বদলায়নি। রিয়াল মাদ্রিদ ২১ দিন সময় চেয়েছিল, আমরা ২০ দিন দিচ্ছি। একদিন কমে তারা হারবে, এমনটা মনে করি না।

আগামী ১৯ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়ালের ২০২৫-২৬ মৌসুম। এই সময়ের মধ্যে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না আলোনসো। যেখানে বার্সেলোনার মতো দলগুলো এক মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে, সেখানে মাত্র তিন সপ্তাহেই দলকে গুছিয়ে নিতে হবে রিয়াল কোচকে।

আরও পড়ুন
ISL

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলের সব কার্যক্রম স্থগিত

এই ঘাটতি মৌসুমের শুরুতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে আপাতত নির্ধারিত সূচিতেই খেলতে বাধ্য রইল রিয়াল মাদ্রিদ। 

আরটিভি/এসকে