images

খেলা / ক্রিকেট

প্রশ্নের মুখে কোচ সালাউদ্দিন

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৭:৪০ পিএম

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতা এখন বড় এক চিন্তার নাম। চলতি বছর ওয়ানডেতে ধারাবাহিকভাবে হতাশাজনক পারফরম্যান্সের কারণে প্রশ্নের মুখে পড়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গেল বছরের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাটিং ইউনিটের তত্ত্বাবধান করছেন এই জনপ্রিয় কোচ। কিন্তু তার অধীনে ব্যাটারদের পারফরম্যান্স ক্রমাগত নিম্নমুখী হওয়ায় শুরু হয়েছে সমালোচনা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সালাউদ্দিনের জাতীয় দলে কোচিং যাত্রা শুরু হয়। এরপর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি, জিম্বাবুয়ে টেস্ট, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটারদের দায়িত্ব পালন করছেন। তবে এই সময়কালে টাইগার ব্যাটাররা দেখাতে পারেননি কাঙ্ক্ষিত পারফরম্যান্স।

চলতি বছরে এখন পর্যন্ত খেলা পাঁচটি ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে বেশি রান করেছে মাত্র ২৪৮। আর সবচেয়ে কম রান ১৬৭। আধুনিক ক্রিকেটে যেখানে ৩০০ রান তাড়া করাও সাধারণ ঘটনা, সেখানে বারবার আড়াইশ’র গণ্ডিতে আটকে যাচ্ছে বাংলাদেশ। এ বছর মাত্র একটি ম্যাচেই পূর্ণ ৫০ ওভার ব্যাট করতে পেরেছে দল।

সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ব্যাটিংটা যেভাবে হচ্ছে, এটা নরমাল ব্যাটিং না। পরিকল্পনার অভাব স্পষ্ট। খেলোয়াড়দের ঠান্ডা মাথায়, সেন্সিবল ব্যাটিং করতে হবে।

সালাউদ্দিনকে ঘিরে আলোচনা প্রসঙ্গে আকরাম খান বলেন, ব্যাটিং কোচের বিষয়টি বোর্ড ও ক্রিকেট অপারেশন্স দেখবে। তবে ব্যাটারদেরও নিজেদের মধ্যে বুঝে নিতে হবে কোথায় কমফোর্ট ফিল করছে, কীভাবে উন্নতি সম্ভব।

দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ব্যাটিংয়ের ঘাটতি বোর্ডের নজরে রয়েছে এবং দ্রুত উন্নতির প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। জাকের আলি অনিককে একাদশে না রাখার ব্যাখ্যায় জানান, ইনজুরির কারণেই তাকে বাইরে রাখা হয়েছে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন ব্যাটিং কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন, তবে কাকে নিয়োগ দেওয়া হবে তা এখনও চূড়ান্ত নয়।

আরও পড়ুন
tebas

রিয়ালের আবেদন নাকচ করে দিলো লা লিগা

টাইগার ব্যাটিং ইউনিটের ছন্দহীনতায় এবার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে বোর্ড। ভবিষ্যৎ সিরিজগুলোতে ব্যাটিং ইউনিটকে জাগিয়ে তুলতে চাইছে তারা, আর সেই লক্ষ্যে চাই নতুন দিকনির্দেশনা ও অভিজ্ঞতার সংযোজন। 

আরটিভি/এসকে -টি