images

খেলা / ফুটবল

চেলসির দ্বিতীয়, নাকি উড়ন্ত পিএসজির বাজিমাত

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৫:০১ পিএম

নানা নাটকীয়তার পর পর্দা উঠতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির বিপক্ষে মাঠে নামবে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউজার্সির দৃষ্টিনন্দন মেটলাইফ স্টেডিয়ামে দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে প্রথম ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে পিএসজি। বিপরীতিতে তৃতীয়বারের মতো ফাইনালের মঞ্চে ইংলিশ জায়ান্টরা। ২০১২ আসরে স্বপ্নভঙ্গ হলেও, ২০২১ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে সালে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।

এবারের ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিয়ে দীর্ঘ ৯ বছর পর মুখোমুখি হচ্ছে চেলসি ও পিএসজি। ২০১৬ সালে লন্ডনে অনুষ্ঠিত ম্যাচটিতে ইব্রাহিমোভিচ ও আন্দ্রে র‌্যাবিও’র গোলে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো কস্তা। 

আরও পড়ুন
tebas

রিয়ালের আবেদন নাকচ করে দিলো লা লিগা

‍ওই ম্যাচটি ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচের সেকেন্ড লেগ। যেখানে অ্যাগ্রিগেটে ৪-২ গোলে জিতে পিএসজি পরের রাউন্ডে ওঠে। 

সবমিলিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের ক্লাব দুটি আটবার মোকাবিলা করেছে, যেখানে পিএসজি তিন ও চেলসির জয় দুটিতে। বাকি তিন ম্যাচ ড্রতে হয়। শেষ চারবারের দেখায় জয় পায়নি চেলসি, পিএসজির জয় দুটিতে ও ড্র হয় বাকি দুই ম্যাচ।

এবারের ম্যাচেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে পিএসজি। কারণ, চলতি বছরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগ জেতার পর ক্লাব বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন দেম্বেলে-রুইজ-হাকিমিরা। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে পিএসজি।

অন্যদিকে ফেভারিট হিসেবে বিবেচিত না হলেও বেনফিকা, পালমেইরাস ও ফ্লুমিনেন্সকে হারিয়ে চেলসি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে নিশ্চিতভাবেই তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে পিএসজির বিপক্ষে। যেখানে বড় চমক দেখিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চায় ইংলিশ জায়ান্টরা।

আরটিভি/এসআর/এস