images

খেলা / ফুটবল

ফাইনালে হারের পর পেদ্রোর দিকে ঘুষি মারতে যান পিএসজি কোচ!

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ১০:৩৬ এএম

চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। তবে মাঠের পারফরম্যান্স নয়, ম্যাচ শেষে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই এখন আলোচনায় ম্যাচটি।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনার মাঝেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা পিএসজি কোচ লুইস এনরিকে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর দিকে তেড়ে যান এবং ঘুষি মারার চেষ্টা করেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

সূত্র বলছে, ম্যাচের শেষ দিকে পেদ্রোর গোল উদযাপনকে ঘিরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এনরিকে। তবে চেলসি খেলোয়াড় ও কোচরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চেলসির হয়ে এদিন একটি গোল করেন জোয়াও পেদ্রো এবং জোড়া গোল করেন তরুণ ইংলিশ তারকা কোল পালমার। প্রথমার্ধেই ৩-০ ব্যবধান গড়ে ফেলে ব্লুজরা। পিএসজির বিরুদ্ধে এমন দাপুটে পারফরম্যান্সে চেলসি যেন পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখে।

পিএসজি ফাইনালের আগে ছিল হট ফেভারিট। বিশেষ করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তবে ফাইনালে এসে চেলসির পরিকল্পিত ফুটবলের কাছে পাত্তাই পায়নি ফরাসি জায়ান্টরা।

ম্যাচ শেষে পিএসজি কোচের এমন হিংসাত্মক আচরণে হতবাক ফুটবলবিশ্ব। ম্যাচ রেফারি আলিরেজা ফাঘানি ও ফিফা কর্মকর্তারা পুরো ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন। এনরিকের বিরুদ্ধে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
fifa

অবশেষে ফিফার বিরুদ্ধে ফুটবলারদের বড় জয়

এদিকে, মিডিয়ার মুখোমুখি হতে রাজি হননি লুইস এনরিকে। চেলসি কর্তৃপক্ষও এ বিষয়ে খুব সতর্ক ও সংযত অবস্থানে রয়েছে। মাঠের খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে ম্যাচ-পরবর্তী এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফুটবলের সৌন্দর্যে যে দাগ ফেলে, তা অনস্বীকার্য। দর্শক ও ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এমন আচরণ কোচের মতো দায়িত্বশীল পদের কাউকে মোটেই মানায় না। লুইস এনরিকের এই ঘটনার মাধ্যমে ফুটবলকে সহিংসতা নয়, শৃঙ্খলাই যে সবার আগে সেই বার্তাটিই নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে সবাইকে।

আরটিভি/এসকে