সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৯:৪০ পিএম
ক্লাব বিশ্বকাপের ফাইনালে উড়ন্ত পিএসজিকে একাই এড়িয়ে দিয়েছেন কোল পালমার। ৩০ মিনিটে জোড়া গোল করার পুরস্কার স্বরূপ ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি। তবে এবারের একাদশে জায়গা পায়নি কোনো রিয়াল মাদ্রিদ তারকা।
সোমবার (১৪ জুলাই) ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
যেখানে দুই ফাইনালিস্ট চেলসি ও পিএসজির খেলোয়াড়রাই সুযোগ পেয়েছে বেশি। তবে ফ্লুমিনেন্স, পালমেইরাস ও আল হিলালের ফুটবলারও আছেন সেরা একাদশে।
এবারের আসরে চমক দেখিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। দলটিকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তরুণ ফরোয়ার্ড হারকিউলিস। নক আউটের দুই ম্যাচে বদলি নেমে গোল করেছিলেন তিনি।
এ ছাড়াও রক্ষণে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সাবেক পিএসজি ও চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। তারা সেরা একাদশে আছেন। তাদের সঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আছেন একাদশে।
পিএসজি থেকে ভিতিনহার সঙ্গে সেরা একাদশে জায়গা পেয়েছেন পিএসজির আশরাফ হাকিমি ও ডিফেন্ডার মার্কিনিয়োস। গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে আল হিলালের ইয়াসিন বুনোকে।
তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রিয়াল মাদ্রিদ থেকে কাউকে জায়গা দেওয়া হয়নি। তা ছাড়াও একাদশে জায়গা পায়নি গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটিরও কেউ।
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), মার্কুইনোস, থিয়াগো সিলভা (সেন্ট্রাল ডিফেন্ডার), আশরাফ হাকিমি, মার্ক কুকুরেয়া (ফুল ব্যাক), এনজো ফার্নান্দেজ, ভিতিনহা (মিডফিল্ডার), পেদ্রো নেতো, কোলে পালমার, আরিয়াস ও এরিক গার্সিয়া (ফরোয়ার্ড)।
আরটিভি/এসআর