images

খেলা / ক্রিকেট

টেস্টে ক্যারিবিয়ানদের ২৭ রানের লজ্জায় ডুবালো অজিরা

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ১২:৫০ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে অজিরা। যেখানে পুরোপুরি সফল হয়েছে তারা, সেই সঙ্গে ক্যারিবিয়ানদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্টার্ক-বোল্যান্ডরা।

জ্যামাইকার সাবিনা পার্কে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২২৫ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে স্মিথরা ১২১ রানে অলআউট হলে ২০৪ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। 

জবাব দিতে নেমে স্টার্কের গতির সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। ১৪.৩ ওভারেই মাত্র ২৭ রানে অলঅউট হয়েছে তারা। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এতে ১৭৬ রানের বড় জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে মাইটি অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
Web_I_mag

বিপিএলকে ‘বিতর্ক’ মুক্ত করতে পরামর্শ দিলেন তামিম-মুশফিকরা 

ক্যারিবীয় ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে সেই ধসের শুরুটা করেন মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত তিনি শিকার করেন ৬ উইকেট। তার পাশাপাশি ইতিহাসের অংশ হয়েছেন স্কট বোল্যান্ডও। টেস্টের মাত্র দশম বোলার হিসেবে তিনি হ্যাটট্রিক করেছেন।

টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড হয়েছিল ৭০ বছর আগে। ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে নিজেদের মাটিতে নিউজিল্যান্ড সেই লজ্জায় ডুবেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেটা হয়তো ক্যারিবীয়দের বিব্রতকর অনুভূতিতে লাগাম পরাবে না, তবে লজ্জাজনক ইনিংসের তালিকায় দুইয়ে রাখবে।

এর আগে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেও বড় ব্যবধানে (১৫৯ ও ১৩৩ রান) জিতেছিল অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচেই বোলারদের সামনে ব্যাটাররা অসহায় ছিলেন ঠিকই, তবে অস্ট্রেলিয়ার তুলনায় ক্যারিবীয়রাই তাতে দ্বিগুণ মাত্রায় ভুগেছে। তিন ম্যাচে ১৫ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন স্টার্ক।

আরটিভি/এসআর/এস