images

খেলা / ক্রিকেট

লর্ডসে নাটকীয় জয়ের পরই বড় দুঃসংবাদ ইংলিশ শিবিরে

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০২:২৩ পিএম

পাঁচ ম্যাচের টেস্টে সিরিজের তৃতীয় ম্যাচে লর্ডসে নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। ভাঙা আঙুল নিয়েই সিরাজকে বোল্ড করে ইংল্যান্ডকে জয় এনে দেন শোয়েব বশির। কিন্তু চোটের কারণে সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। ম্যাচ শেষে তা নিশ্চিত করেছেন অধিনায়ক বেন স্টোকস।

তিনি বলেন, বশিরের জন্য খবরটা ভালো নয়। আমাদের দলের জন্য, তার নিজের জন্য খুবই হতাশাজনক। বশির অনেক সাহস ও প্রতিশ্রুতি দেখিয়েছে, ব্যথা নিয়েও শেষ ইনিংসে ব্যাট করেছে, বেঞ্চে বসে অপেক্ষা করেছে—যখন প্রয়োজন পড়বে বল করতে যাবে। এটিই প্রমাণ করে, ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানো তার জন্য কত বড় প্রাপ্তি।

লর্ডস টেস্টের তৃতীয় দিনে চোট পেয়েছিলেন বশির। নিজের বলে রবীন্দ্র জাদেজার একটি জোরালো ড্রাইভ ধরতে গিয়ে আঙুলে চোট পান। আঙুলে ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ বল ব্যাটিং করেন বশির। এরপর ইংল্যান্ডের ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরেই ছিলেন।

আরও পড়ুন
Web_Ima___g

টেস্টে ক্যারিবিয়ানদের ২৭ রানের লজ্জায় ডুবালো অজিরা

দ্বিতীয় ইনিংসে যখন জাদেজা-বুমরাহর জুটি জমে উঠেছিল তখন তাকে মাঠে ফেরান স্টোকস। আঙুলে স্প্লিন্ট ও মোটা ব্যান্ডেজ বেঁধে বশির গতকাল বল করেন ৫.৫ ওভার। চোট পাওয়া বাঁ হাত আগলে রেখে মাঠে দৌড়েছেন, বাউন্ডারি বাঁচাতে ডাইভও দিয়েছেন। এরপর বশিরের বল সিরাজ ব্যাটে খেললেও বল গড়িয়ে আঘাত হেনেছে স্টাম্পে।

এ নিয়ে স্টোকস বলেন, ওর বয়স মাত্র ২১ বছর, আঙুলটা খারাপভাবে ভেঙেছে। তবু ও ব্যাটিং করতে নামল। ও কিছুই জিজ্ঞেস করেনি—প্যাড পরে নিয়েছে, আঙুল ব্যান্ডেজ করে নেমে গেছে। আমি যখনই বেঞ্চের দিকে তাকিয়েছি, দেখেছি ওর মুখটা উঁকি দিচ্ছে, যেন বলছে, ‘আমাকে নামাও’। ওই ম্যাচ শেষ করা ছিল যেন ভাগ্যের লিখন।

বশিরের জায়গায় স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন লিয়াম ডসন বা জ্যাক লিচ। ২৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। ইংল্যান্ড শিগগিরই নতুন স্কোয়াড ঘোষণা করবে। সিরিজে আপাতত ২–১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

আরটিভি/এসআর/এস