images

খেলা / ফুটবল

বেলিংহ্যামের সফল অস্ত্রোপচার, রিয়ালের জন্য বড় ধাক্কা

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৪:৩২ পিএম

দীর্ঘ ২০ মাস ধরে কাঁধের চোটে ভোগার পর অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে স্বস্তির পথ দেখলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, লন্ডনের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এই তরুণ তারকার। চিকিৎসকদের মতে, পুরোপুরি সেরে উঠতে বেলিংহ্যামের সময় লাগবে প্রায় দুই মাস।

২০২৩ সালের নভেম্বর থেকে বাঁ কাঁধের ইনজুরি নিয়ে খেলছিলেন বেলিংহ্যাম। যদিও ইনজুরি সত্ত্বেও গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত খেলেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে পারফরম্যান্সে চোটের ছাপ স্পষ্ট ছিল। নতুন মৌসুম শুরুর আগে সম্পূর্ণ ফিট হয়ে ফেরার লক্ষ্যে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না বেলিংহ্যাম। ফলে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ তাকে দল সাজাতে হবে অন্যতম সেরা মিডফিল্ডারকে ছাড়াই।

সবকিছু পরিকল্পনামতো চললে আন্তর্জাতিক বিরতির পর মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মাদ্রিদ ডার্বিতে ফিরতে পারেন বেলিংহ্যাম, যেখানে প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ।

অস্ত্রোপচারের পর এক আবেগঘন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বেলিংহ্যাম। লিখেছেন, অ্যান্ড্রু ওয়ালেস, সুসান আলেক্সান্ডার ও তাদের টিমকে ধন্যবাদ। ফর্তিউস ক্লিনিকের আতিথেয়তা ও চিকিৎসার জন্য কৃতজ্ঞ। ইভান ওর্তেগা এবং ড. লেয়েস, যারা পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ, যারা ভালোবাসা ও প্রার্থনা পাঠিয়েছেন। আমার ফেরার যাত্রা শুরু হয়ে গেছে। শিগগিরই দেখা হবে।

আরও পড়ুন
salman

বাংলাদেশকে নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

গত ১০ জুলাই ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে রিয়ালের হয়ে শেষ ম্যাচ খেলেন বেলিংহ্যাম। চোটের কারণে অন্তত ৬টি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে দীর্ঘমেয়াদে দলের জন্য সম্পদ হয়ে উঠতে, পুরোপুরি সুস্থ বেলিংহ্যামের ফেরাটাই এখন রিয়ালের প্রধান প্রত্যাশা।

আরটিভি/এসকে -টি