images

খেলা / ক্রিকেট

এক সিরিজে ৭০০-এর বেশি রান করে গিলের রেকর্ডের ঝুলি

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৮:১৮ এএম

শুভমান গিল যেন একের পর এক রেকর্ডের বই ওলটপালট করে চলেছেন। চলমান ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। আজ ম্যাঞ্চেস্টার টেস্টে চতুর্থ সেঞ্চুরি করার পথে এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেললেন এই ভারতীয় ব্যাটার। এক টেস্ট সিরিজে ৭০০-এর বেশি রান করে ইতিহাস গড়লেন গিল। 

এখন পর্যন্ত সিরিজে তার মোট রান সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এই কীর্তির মধ্য দিয়ে গিল হলেন ভারতের তৃতীয় ব্যাটার, যিনি এক টেস্ট সিরিজে ৭০০ রান পার করলেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন সুনীল গাভাস্কার এবং ইয়াশভি জয়সওয়াল। গাভাস্কার ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করেছিলেন ৭৭৪ রান এবং ১৯৭৮-৭৯ মৌসুমে আরও একবার করেছিলেন ৭৩২ রান। ইয়াশভি জয়সওয়াল ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে করেছিলেন ৭১২ রান। 

শুধু তাই নয়, এই ইনিংসে গিল টপকে গেছেন বিরাট কোহলির এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি করেছিলেন ৬৯২ রান। সেই রেকর্ড এখন গিলের পেছনে। 

অধিনায়ক হিসেবেও গড়েছেন এক অসামান্য কীর্তি। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০-এর বেশি রান করেছেন গিল। ভারতের ইতিহাসে তিনি দ্বিতীয় টেস্ট অধিনায়ক যিনি এক সিরিজে এই মাইলফলক ছুঁলেন—এর আগে ঘরের মাঠে ১৯৭৮-৭৯ মৌসুমে গাভাস্কার অধিনায়ক হিসেবে করেছিলেন ৭৩২ রান। বিশ্ব ক্রিকেটে গিল হলেন অষ্টম অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজে ৭০০-এর বেশি রান করলেন।

এছাড়া, ম্যাঞ্চেস্টারে শতরানের মধ্য দিয়েও নতুন ইতিহাস লিখলেন গিল। ৩৫ বছর পর এই মাঠে কোনো ভারতীয় ব্যাটার শতরান করলেন। সর্বশেষ ১৯৯০ সালে এই মাঠেই টেস্টে শতরান করেছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

আরও পড়ুন
RTV_SPORTS

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ টিভিতে আজকের খেলা

রেকর্ডের পাতায় গিলের নাম এখন বারবার উঠছে। তার এই ফর্ম অব্যাহত থাকলে হয়তো সামনে আরও অনেক রেকর্ড তার ব্যাট থেকে জন্ম নেবে।

আরটিভি/এসকে