বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ০৪:০৩ পিএম
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার টিম ডেভিড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে শাস্তির মুখে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় তাকে শাস্তি দিয়েছে আইসিসি।
২৮ জুলাই অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল ডেলিভারির পর ওয়াইড আশা করেছিলেন ডেভিড। কিন্তু আম্পায়ার সেটিকে বৈধ বল হিসেবে গণ্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে দুই হাত প্রসারিত করে নিজেই ওয়াইডের ইঙ্গিত দেন ডেভিড। মাঠে উপস্থিত আম্পায়ার লেসলি রাইফার ও জাহিদ বাসারাথ বিষয়টি ভালোভাবে নেননি এবং তা ম্যাচ রেফারির নজরে আনেন।
আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। সেই ধারাই ভঙ্গ করেছেন ডেভিড। এজন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
তবে শাস্তিপ্রাপ্ত ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ডেভিড। ৩০ রানের কার্যকরী ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন এই অজি অলরাউন্ডার।
আরটিভি/এসকে